২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অজ্ঞাত রোগে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭৫ জন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি গ্রামে অজ্ঞাত রোগে তিন জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে আরও ৭৫ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 10:54 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

কিশোরগঞ্জের সিভিল সার্জন জরুরি ভিত্তিতে পুমদি গ্রামে আক্রান্তদের চিকিৎসার্থে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ রোগটি নির্ণয় করতে না পারায় চিকিৎসাও করতে পারছে না। ফলে আক্রান্তদের প্রাথমিকভাবে প্যারাসিটামল এবং খাবার স্যালাইন ছাড়া আর কিছু দেওয়া হচ্ছে না।

সরেজমিনে জানা যায়, গত ১৮ আগস্ট উত্তর পুমদি গ্রামের আব্দুল হাইয়ের বাড়িতে প্রথমে এ অজ্ঞাত রোগটি দেখা দেয়। আব্দুল হাই ও তার কন্যা রোখসানা আক্রান্ত হলে প্রচণ্ড জ্বর, খিচুনী ও রক্ত বমি হয়। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ২৫ আগস্ট কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আব্দুল হাই (৫৫) মারা যায়। একই দিনে নিজ বাড়িতে তার মেয়ে রোখসানার (৮) মৃত্যু হয়।

এদিকে ওসমান গণির মেয়ে তাছলিমা (১৫) এ রোগে আক্রান্ত হয়ে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যায়।

এ গ্রামের আরও অনেকে এ রোগে আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ মাইজউদ্দিন কবীর বিডিনিউজকে জানান, আক্রান্ত রোগের চিকিৎসার জন্য এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চালু করেছি। কিন্তু আমরা রোগটি ধরতে পারছি না। এটি ‘ফেলসিফেরান ম্যালেরিয়া‘ বলে ধারণা করছি।

সঠিক রোগ নির্ণয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে রোগ নির্ণয় ও লাইন ডাইরেক্টর বরাবর একজন ডাইরোলজিস্ট-এর নেতৃত্বে একটি মেডিকেল টিম পাঠানোর জন্য জরুরি ফ্যাক্স বার্তা প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সিভিল সার্জনের জরুরি ফ্যাক্স বার্তার প্রেক্ষিতে ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তর সোমবার বিশেষজ্ঞ পাঠাচ্ছে।