রাজবাড়ীতে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত
রাজবাড়ীর চরমপন্থী সংগঠন সর্বহারার শীর্ষ নেতা লোকমান হোসেন লাল (৩৫) ওরফে মিঠু ওরফে মিন্টু ওরফে রিপন সোমবার ভোরে গোয়ালন্দ থানা পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে।
গোয়ালন্দ থানা পুলিশ জানায়, ২৫ আগস্ট তাকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয়।
লোকমান পুলিশের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার ভোরে গোয়ালন্দ থানার আন্ধারমাণিক এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিতে পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা জবাব দেয়।
এসময় উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউণ্ড গুলি বিনিময়ের এক পর্যায়ে ক্রসফায়ারে লোকমান নিহত হয়।
এ ঘটনায় গোয়ালন্দ থানার ওসি আব্দুল হালিম, এস আই আসাদ এবং কনস্টেবল শহিদ আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভালবার, একটি শার্টারগান, আট রাউণ্ড গুলি এবং দুটি গুলির খোসা উদ্ধার করে।
এ ব্যাপারে গোয়ালন্দ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, নিহত লোকমানের বিরুদ্ধে নয়টি হত্যা, ছয়টি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে।
