গুলশানে জুয়েলারি দোকানে ডাকাতি, ৫ কোটি টাকার স্বর্ণালংকার লুট
দুস্কৃতকারীরা শনিবার রাতে নগরীর গুলশানের একটি জুয়েলারি দোকান থেকে পাঁচ কোটি টাকা মূল্যের চার হাজার তোলারও বেশি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশ রোববার বিকেলে ১৯ জন নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে।
ডাকাতির প্রতিবাদে দেশের সকল জুয়েলারি ব্যবসায়ীরা সোমবার ধর্মঘট পালন করবে।
বেসরকারি নিরাপত্তা সংস্থা কোবরার গ্রেফতারকৃত নিরাপত্তা কর্মীরা হচ্ছে, আব্দুল কাইয়ুম, সিরাজুল হক, হারুন-অর-রশিদ, আব্দুল হালিম, মোহাম্মদ শরিফ, আকবর হোসেন, আব্দুর রাজ্জাক, আবুল কালাম, খোরশেদ আলম, বজলুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, গোলাম আযম, মেহেদী হাসান, মিজানুর রহমান, মতিউর রহমান, জয়নুল আবেদীন, সবুজ মিয়া, মোহাম্মদ হান্নান ও দেলোয়ার হোসেন।
গুলশান থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
সূত্র জানায়, গুলাশানের নাভানা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ভেনাস জুয়েলারি থেকে দুস্কৃতকারীরা এ স্বর্ণালংকার লুট করে। দুস্কৃতকারীরা পেছনের দরজা দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে।
দোকানের কর্মচারীরা জানায়, সাপ্তাহিক ছুটি হিসেবে শনিবার দোকান বন্ধ ছিল। রোববার দুপুরে দোকান খুলে তারা দেখেন, দোকানে কোনও স্বর্ণালংকার নেই। এসময় তারা পেছনের দরজা খোলা দেখতে পান।
খবর পেয়ে দোকানের মালিক ও বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির সভাপতি গঙ্গা প্রসাদ মালাকার ঘটনাস্থলে আসেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ ও দোকানের কর্মচারীরা ধারণা করছে, দুস্কতকারীরা শনিবার রাতেই দোকানে ডাকাতি করে। স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় দুস্কৃতকারীদের সাথে নিরাপত্তা কর্মীদের যোগসূত্র রয়েছে বলে তারা সন্দেহ করছেন।
গুলশান থানার এসআই আনোয়ার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই সময়ে দায়িত্বে ছিলএমন কয়েকজন নিরাপত্তা কর্মীকে আমরা আটক করেছি। তবে এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে তিনি জানান।
ডাকাতির প্রতিবাদে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি ও বাংলাদেশ স্বর্ণকার সমিতি যৌথভাবে সোমবার দেশের সকল জুয়েলারি দোকানে ধর্মঘট ডেকেছে।
স্বর্ণকার ও জুয়েলারি মালিকরা লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও দুস্কৃতাকরীদের গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
