বন্যা কবলিত কুড়িগ্রামে গাছ চাপা পড়ে নিহত ১, নতুন নতুন এলাকা প্লাবিত
বন্যা কবলিত কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যার কবল থেকে বাঁচতে বাড়িঘর ও গাছাপালা সরিয়ে নেওয়ার সময় গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহতের নাম সোবহান (৩৫)। শনিবার রৌমারী উপজেলার করাতিপাড়ায় এ ঘটনা ঘটে।
এদিকে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি হু হু করে বাড়ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে চার হাজার হেক্টর জমির আমন ক্ষেত।
অপরদিকে সোনাভরি নদীর ভাঙ্গন বিধ্বংসীরূপ নিয়েছে। গত দু’দিনে এ নদীর ভাঙ্গনে তারাবর, করাতিপাড়া, চার নেওয়ামী ও আজগর দেওয়ানীর চর গ্রামের শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদীভাঙ্গনের শিকার অসহায় লোকজন রাজিবপুর নৌকাঘাঁট সংলগ্ন রাস্তার ওপর ঝুপরি তুলে বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদীর পানি ৩৮ সে.মি. এবং দুধকুমার নদীর পানি ২০ সে.মি. বেড়েছে।
