২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে চলতি বছরের ২টি দুর্ঘটনায় ৩ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়েছে

টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে চলতি বছরের দুটি দুর্ঘটনায় তিন বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস পুড়ে গেছে। তবে আগামী অক্টোবরের মধ্যে রিলিফকূপ খনন করে দুর্ঘটনা কবলিত গ্যাস কূপটি বন্ধ করে দেওয়া না হলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম দুই মার্কিন ডলার ধরা হলে পুড়ে যাওয়া এ গ্যাসের দাম ৩৯ কোটি টাকা। এর মধ্যে প্রথম বারের দুর্ঘটনায় পুড়ে গেছে ১৩ কোটি টাকা দামের এক বিসিএফ এবং এবারের দুর্ঘটনায় পুড়েছে ২৬ কোটি টাকা দামের দুই বিসিএফ গ্যাস।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতি নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর এম তামিম এ সংক্রান্ত প্রতিবেদনটি রোববার দুপুরে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কাছে পেশ করেন।

এরপর জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, নাইকো নিয়ে গঠিত তিনটি কমিটির মধ্যে দুটি কারণ অনুসন্ধান কমিটি এবং পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ নির্ধারণ কমিটির রিপোর্ট আমাদের হাতে এসেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ দুর্ঘটনায় পরিবেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার প্রতিবেদন পাওয়া যাবে।

তিনি বলেন, তিনটি রিপোর্ট নিয়ে আইন বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর নাইকোর কাছে ক্ষতিপুরণ দাবি করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যৌক্তিকভাবে ক্ষতি দাবি করতে সক্ষম হলে, অবশ্যই তা আদায় করা যাবে।

প্রতিবেদন পেশ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রফেসর এম তামিম বলেন, এবারের দুর্ঘটনা এ ক্ষেত্র থেকে ভবিষ্যতে গ্যাস উৎপাদনে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কমিটি মনে করে, এখানে ২৬৮ বিসিএফ ঝুঁকিপূর্ণসহ ৪৪৭ বিসিএফ গ্যাস মজুদ আছে।

কমিটির হিসেবে রিলিফ কূপ খননকালে দুর্ঘটনায় দুই বিসিএফ গ্যাস পুড়ে গেছে। তবে ১৫ অক্টোবরের মধ্যে রিলিফ কূপ খনন করে আগের কূপ বন্ধ করে দেওয়া না হলে এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তিনটি ভাগে পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতি নির্ধারণ করেছি। এগুলো হচ্ছে-ব্যাপক উচ্চতায় আগুনের সাথে কী পরিমাণ গ্যাস পুড়ে গেছে; বর্তমানে কী পরিমাণ গ্যাস লিকেজ হচ্ছে এবং ভূ-অভ্যন্তরে কী পরিমাণ গ্যাসের ক্ষতি হয়েছে। বর্তমান কমিটি প্রথম দুটি বিষয়কে বিবেচনায় এনে পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ দুই বিসিএফ বলেছে।

তবে প্রথমবার দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি ভূ-অভ্যন্তরে গ্যাসের ক্ষতির একটি হিসাব দিয়েছিল। তাতে দেখা যায়, এর কারণে পাঁচ থেকে ৫২ বিসিএফ গ্যাস ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। বর্তমান কমিটি মনে করে, দুর্ঘটনায় ৫২ বিসিএফ গ্যাস নষ্ট হওয়ার সম্ভবনা কম। তবে কী পরিমাণ নষ্ট হয়েছে, এমন তথ্যও কমিটির রির্পোটে দেয়া হয়নি।

ঘটনার দু’দিন পর প্রফেসর তামিমকে প্রধান করে পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ নির্ধারণে এ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু দু’দফা বৃদ্ধির পর আজ রোববার কমিটি তাদের রিপোর্ট দেয়। কমিটির অপর সদস্যরা হলেন পেট্রোবাংলার সিনিয়র মহা ব্যবস্থাপক কাজী শহিদুর রহমান, জ্বালানি মন্ত্রণালয়ের উপ-প্রধান নুরুজ্জামান, বাপেক্স এর শাহাবুদ্দিন এবং নাইকোর রুডি স্টকার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রফেসর তামিম বলেন, বাংলাদেশ অযৌক্তিক দাবি নিয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক আরবিট্রেশনে জিততে পারেনি। এর প্রধান কারণ ছিল, সঠিক হোম ওয়ার্ক না করে ক্ষতিপুরণ দাবি করা। আর সে দিকে দৃষ্টি রেখেই আমরা পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ নির্ধারণ করেছি।