ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আরেফিন সিদ্দিককে আবারও হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিককে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার রাতে চিঠির মাধ্যমে এই হুমকি দেওয়া হয়।
এর আগে ৩০ জুলাই অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিককে ১৫ দিনের মধ্যে ৫০ হাজার টাকা না দিলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
শনিবারের চিঠিতে হুমকিদাতা বা হুমকিদাতারা নিজেদের বাংলা ভাইয়ের অনুসারী দাবি করে অধ্যাপক আরেফিন সিদ্দিককে শেষবারের মত সতর্ক করে দেয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলার সাথে তারা জড়িত এবং যদি দশ দিনের মধ্যে গাজীপুরের হোতাপাড়ায় এক লাখ টাকা নিয়ে তিনি তাদের সাথে দেখা না করেন তাহলে তার পরিণতিও হুমায়ুন আজাদের মত হবে।
অধ্যাপক আরেফিন সিদ্দিককে এ পর্যন্ত মোট পাঁচ থেকে ছয়বার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে যার সবগুলোই একই হাতে লেখা। অধ্যাপক আরেফিন সিদ্দিক এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও র্যাবকে জানিয়েছে।
