২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি এখন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ভান্ডার

পার্বত্য বান্দরবান জেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকা গুলো এখন অবৈধ যুদ্ধাস্ত্রের ভান্ডার হয়ে উঠেছে। এখানকার অস্ত্রের মজুত যেন ফুরিয়ে যাবার নয়। প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে বিশ্বের আলোচিত অত্যাধুনিক সব মারনাস্ত্র।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

গত ১৫ দিনের ব্যবধানে উদ্ধার হয়েছে বিপুল পরিমান অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সর্বশেষ গত শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ী এলাকা থেকে উদ্ধার হয়েছে জার্মানীর ৩২টি অত্যাধুনিক পিস্তল এবং পাঁচ হাজার রাউন্ড গুলিসহ বিভিন্ন গোলাবারুদ।

জানা গেছে, মায়ানমারের মুসলিম ও আদিবাসী বিদ্রোহীরা নাইক্ষ্যংছড়ির দুর্গম অরণ্যে আস্তানা গড়েছে, অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের মজুদ গড়ে তুলেছে। এসব আগ্নেয়াস্ত্রের অধিকাংশই খোলা বাজারে বিক্রি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের টেরর গ্রুপগুলোর কাছে পৌঁছে যাচ্ছে। সেনাবাহিনী ও বিডিআর পার্বত্য নাইক্ষ্যংছড়ির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে যে পরিমান অস্ত্র উদ্ধার করেছে, তা বিদ্রোহী গ্রুপগুলোর মজুদের সিকি পরিমানও নয় বলে ধারনা করা হচ্ছে।

গত ১০ মাসের হিসাব থেকে দেখা যায়, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ী এলাকা থেকে কেবল বিডিআরই উদ্ধার করেছে ৩২টি স্থলমাইন, ২১১টি অত্যাধুনিক মারনাস্ত্র, ২৯ হাজার গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম। তাছাড়া গত ১৫দিনের ব্যবধানে উদ্ধার করা হয় একটি এম.সিক্সটিন রাইফেল, একটি এলএমজি ও ৬৬ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলি। ইতিমধ্যে বিডিআর ও সেনাবাহিনী বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র উদ্ধার করলেও এখনো নতুন নতুন যুদ্ধাস্ত্র উদ্ধার হয়ে চলেছে। তাদের ভান্ডারে যেন টানই পড়ছে না।

বিডিআর কর্মকর্তারা জানান, গত ২৭ জুলাই পর্যন্ত মাত্র দশ মাসে পৃথক অভিযানে সেনা ও বিডিআরের চৌকস সদস্যরা ৩৭টি একে-৪৭, চারটি এম-১৬ রাইফেলসহ ২১১টি অত্যাধুনিক মারনাস্ত্র এবং প্রায় ২৯ হাজার রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় নিরাপত্তা বহিনীর সদস্যরা মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী দলের চীফ কমান্ডারসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

সুত্র জানায়, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডারের নির্দেশনায় এবং বান্দরবান সেনা রিজিওনের তত্ত্বাবধানে বিডিআরের নাইক্ষ্যংছড়ি ৪০ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্ণেল এমএ আউয়ালের নেতৃত্বে পরিচালিত হয় সেনা-বিডিআরের যৌথ বিশেষ অভিযান। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলার চারটি ইউনিয়নের দুর্গম এবং সীমান্তবর্তী এলাকা গুলোতে সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানাসমূহে হানা দেয়া হয়। গত ২০০৪ সালের চার অক্টোবর থেকে চলতি বছরের জুলাই মাসের ২৭ জুলাই পর্যন্ত দশ মাসে উল্লিখিত মারনাস্ত্র, যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৩৭টি একে-৪৭ রাইফেল, আমেরিকায় তৈরি চারটি এম-১৬ রাইফেল, একটি জি-৩ রাইফেল, আটটি এলএমজি, আটটি এসএমজি, ১০টি থ্রী নট থ্রী রাইফেল, একটি অটো রাইফেল, ৭৯টি দেশি বন্দুক ও শর্টগান, একটি রাইফেল, সাতটি হ্যান্ড লাঞ্চার, সাতটি যুদ্ধাস্ত্র বুবিট্রাপস, ৩২টি মাইন এন্টি পারসোনেল, একটি হাই হ্যান্ড লাঞ্চার, দুটি দুই ইঞ্চি মর্টার ও দুটি ষাট এমএম মর্টার।

এছাড়াও রয়েছে একে-৪৭ রাইফেলের ১৪ হাজার ২৫৪ রাউন্ড গুলি, এম-১৬ রাইফেলের ছয় হাজার ৪৪৩ রাউন্ড গুলি, দুই হাজার থ্রী নট থ্রী রাইফেলের গুলি, দুই হার্জা এলএমজির বল গুলি, এক হাজার ৩৭৪টি এসএমজির গুলি, ৫১৬টি অন্যান্য রাইফেলের গুলি এবং দুই প্রকার পিস্তলের চার হাজার একশত গুলি।

সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৪৫টি বিভিন্ন প্রকারের ওয়াকিটকি, সাতটি শক্তিশালী বাইনোকুলার, তিনটি নাইটভিশন টেলিস্কোপি সাইট, দুটি রাইফেলের ব্যারেল, চারটি থ্রী নট থ্রী রাইফেলের ব্যারেল, ১৬টি রাইফেলের বেল্ট এবং ২৩৪টি বিভিন্ন প্রকারের অস্ত্রের ম্যাগজিন। তাছাড়াও অভিযানের সময় উদ্ধার হয়েছে সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিপুল পরিমান দলিল দস্তাবেজ, রসায়নিক ও অন্যান্য দ্রব্য।

অপরদিকে গত নয় আগষ্ট উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্যং এলাকা থেকে বিডিআর উদ্ধার করে একটি এম-১৬ রাইফেল, একটি এলএমজি ও ৬৬ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলি। এই অভিযানে দু’জন আদিবাসী বিচ্ছিন্নতাবাদীকেও গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গত শনিবার নাইক্ষ্যংছড়ির পালংঝিরি গহীন অরণ্য থেকে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি থেকে উদ্ধার করা হয় ৩১টি অত্যাধুনিক জার্মানীর তৈরী নাইন এম.এম পিস্তল, একটি সিক্স এম.এম পিস্তল ও চার হাজার ছয় শত রাউন্ড গুলি এবং ৬৪টি ম্যাগজিন ও ৪৪টি অস্ত্র তৈরীর রড।

এদিকে গত জুন মাসে বিডিআর সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরাকান এর চিফ কমান্ডার ক্রোচাই থোয়াই এবং তার তিন সহযোগীকে। বিডিআর কর্মকর্তারা বলছেন, এযাবত উদ্ধার করা অস্ত্র-শস্ত্র গুলো সন্ত্রাসীদের অবৈধ ও বিক্ষিপ্ত ভাবে মজুদকৃত অস্ত্র-গোলাবারুদের মাত্র সিকি পরিমাণ হতে পারে। তবে বিডিআর ও সেনাবাহিনীর কর্মকর্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, এই দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে অচিরেই সকল অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরা সম্ভব হবে।

সূত্র মতে, সেনা বাহিনী ও বিডিআর নাইক্ষ্যংছড়ি থেকে যে সমস্ত যুদ্ধাস্ত্র উদ্ধার করেছে, তার অধিকাংশই উপজেলা সদর থেকে ৬০-৭০ কিলোমিটার দূরের পাহাড়ী এলাকার। অনেক সময় সে সব জায়গায় সাত-আট মাইল পায়ে হেঁটে উদ্ধারকারীদের পৌঁছাতে হয়। ফলে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হতে পারতো তা হয়না। পায়ে হেঁটে পরিশ্রান্ত সেনা ও বিডিআর জওয়ানরা পৌঁছার আগেই তারা সটকে পড়ে। তাদের সাথে নাইক্ষ্যংছড়ির পাহাড়ীদের দৈহিক, ভাষা ও সংস্কৃতিগত মিল থাকায় বিদ্রোহীরা সহজেই তাদের সাথে মিশে যায়। ফলে অভিযানকারীদের পক্ষে বিদ্রোহীদের সনাক্ত করা সম্ভব হয়ে ওঠে না। ১৯৭৫ পরবর্তী সময়ে মায়ানমারের মুসলিম ও উপজাতীয় বিদ্রোহীরা এ সব পাহাড়ী এলাকায় আস্তানা গড়ে তোলে। বাংলাদেশ-মায়ানমার ১৮৮ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে কেবল নাইক্ষ্যংছড়ি সীমান্তেই রয়েছে ৫৫কিলোমিটার। বাকি সীমান্ত এলাকা পড়েছে পার্বত্য বান্দরবান জেলার আলীকদম, থানচি ও রোমা এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। নাইক্ষ্যংছড়িতে রয়েছে বাইশারী, বাঁকখালী ও দুছড়ির মতো দুর্গম এলাকা। ফলে বিদ্রোহীরা এই অঞ্চলেই তাদের কার্যক্রম চালায় বেশি। জানা গেছে, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও আরকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন অব মুসলিম (এআরএনও) সহ একাধিক বিদ্রোহী সংগঠন এই এলাকায় আস্তানা গড়ে তুলেছে। তারা সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে আর্ন্তজাতিক অস্ত্র চোরাচালান চক্রের সাথে লিয়াঁজো করে গড়ে তুলেছে বিশাল অস্ত্র ভান্ডার। সর্বশেষ ১৯৯১ সালে এরা সবচেয়ে বড় চালানটি সংগ্রহ করে। এ সময় দুই ট্রাক অত্যাধুনিক অস্ত্র ও রকেট লাঞ্চার সংগ্রহ করেছিল বলে জানা যায়। সূত্র মতে, এরাই নাইক্ষ্যংছড়ির অরণ্য লোকালয়ে এসে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে গিয়ে তাদের অবৈধ অস্ত্র বেচাকেনা করে। দেশের টপ টেরররা এদের কাছ থেকে কমমূল্যে অস্ত্র সংগ্রহ করে বলে জানা যায়। এদের কাছে এম-১৬, একে-৪৭, একে-৭৯, জি-১, জি-৩ ও রকেট লাঞ্চার সহ অত্যাধুনিক অস্ত্র মজুদ রয়েছে।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা অরক্ষিত এবং ভৌগলিক কারণে অতি দুর্গম হওয়ায় বিশেষ অভিযান পরিচালনায় খুবই কষ্ট হচ্ছে। তা সত্ত্বে¡^ও নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সফলকাম হবেন বলে বিডিআর কর্মকর্তারা আশাবাদী। মিয়ানমারের বিদ্রোহীরা ৯০ সালের আগেই গোপনে এসব অবৈধ অস্ত্র-শস্ত্র পাহাড়ের নানা স্থানে মজুদ করে রাখে এবং অভিযানে সেইসব অস্ত্রই উদ্ধার হচ্ছে বলে সরকারি সূত্রে বলা হয়েছে। এখনো সেনা ও বিডিআরের এই অগ্রাভিযান অব্যাহত রয়েছে।