২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুর জন্যে সেপ্টেম্বর মাস ঝুঁকিপূর্ণ হলেও এডিস মশা নির্মূলে কেসিসি‘র তৎপরতা অপ্রতুল

ডেঙ্গু জ্বরের জন্যে সামনের মাস সেপ্টেম্বরকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করলেও এ রোগের ভাইরাস বহনকারী এডিস মশা নির্মূলে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উল্লেখযোগ্য তৎপরতা নেই।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এডিস মশা ও মশার ডিম ধ্বংস করতে ১৬ সদস্যের চারটি টিম গঠিত হলেও তাদের তৎপরতা তেমন লক্ষ্যণীয় নয়।

মশা মারার ওষুধ লার্ভিসাইড ও এ্যাডালটিসাইডের স্বল্পতা রয়েছে বলেও কেসিসির একটি সূত্র জানায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, আগস্ট মাসের শেষ সপ্তাহ এবং সেপ্টেম্বর মাসে মাঝে মাঝে বৃষ্টি ও রোদ হওয়ায় বিভিন্ন ফুলের টব, পানির পরিত্যক্ত পাত্র, নারিকেলের খোসা, টায়ারটিউবের মধ্যে জমে থাকা পানিতে এডিস মশা ডিমের মাধ্যমে বংশ বিস্তার করে। একারণে সেপ্টেম্বর মাসকে ডেঙ্গু জ্বর হওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

ইতোমধ্যে চলতি মাসে রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে।

এ ব্যাপারে খুলনাবাসী আতঙ্কিত হয়ে পড়লেও মশা নির্মূলে কার্যকর তেমন কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

তবে কেসিসি‘র কঞ্জারভেন্সী বিভাগ জানায়, এডিস মশা নির্মূলের লক্ষ্যে ইতোমধ্যে ১৬ সদস্যের চারটি টিম গঠন করা হয়েছে। এ টিমগুলো চলতি মাসের প্রথম থেকে তাদের তদারকি শুরু করেছে। প্রতিদিন একটি করে ওয়ার্ডে চারটি টিম কাজ করছে বলে কেসিসি‘র সূত্রটি জানায়।

কিন্তু এলাকাবাসী অভিযোগে জানায়, এসব টিম ঠিকমত কাজ করছে না। ফলে এডিস মশা নির্মূলে তেমন কোনো সফলতা আসবে না বলে তাদের ধারণা।

কেসিসি‘র ৩১টি ওয়ার্ডে ৩১ জন স্প্রেম্যান থাকলেও তারা যথাসময়ে যথাযথ দায়িত্ব পালন করে না। উড়ন্ত মশা মারার জন্যে ব্যবহৃত ৩১টি ফগার মেশিন ঠিকমত ব্যবহার করা হয় না। ফলে মশার দাপট বেড়েই চলেছে।

কেসিসি ইতোমধ্যে সচেতনতামূলক লিফলেট এবং স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন এলাকায় বৈঠক করছে। তারপরও শংকামুক্ত হতে পারছে না নগরবাসী।

সূত্র আরও জানায়, মশা মারা ওষুধ লার্ভিসাইড ও এ্যাডালটিসাইড ওষুধের স্বল্পতা রয়েছে কেসিসি‘র। এছাড়াও ওষুধ যেটুকু আছে, তাও নিম্নমানের এবং ভেজাল মিশ্রিত।

উল্লেখিত অভিযোগ অস্বীকার করে কেসিসি‘র কঞ্জারভেন্সী কর্মকর্তা এমএ সাগর বিডিনিউজকে বলেন, কেসিসি কর্তৃপক্ষের মজুদে উন্নতমানের এবং পর্যাপ্ত মশা মারার ওষুধ রয়েছে। এডিস মশাসহ সকল মশা নির্মূলে কেসিসি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। চলতি বছরে এখনও কোনো এডিস মশার সন্ধান পাওয়া যায়নি নগরীতে।