বোমা হামলায় অভিযুক্ত আল ইকরাম সংস্থার পরিচালক ও তার স্ত্রী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য
জঙ্গিবিরোধী অভিযানে গোয়েন্দা ও পুলিশের মোস্ট ওয়ানটেড, বরিশালে ১৭ আগস্টের বোমা হামলার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত আল ইকরাম সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জিয়াউর রহমান জিয়া এবং তার স্ত্রী আয়শা সিদ্দিকা রিপা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
গোয়েন্দা ও পুলিশ জিয়ার সন্ধান পেতে ঝালকাঠির বিকনায় পিত্রালয় ও কলেজ সড়কের শ্বশুরালয়ে খোঁজ খবর নিচ্ছে। কিন্তু কোনও হদিস পাচ্ছে না জিয়ার। এদিকে ঝালকাঠিতে জিয়ার বন্ধু, আত্মীয় ও পারিবারিক বিভিন্ন সূত্র মতে, জিয়া এবং তার স্ত্রী রিপা ২৪ আগস্ট রাতেই ঝালকাঠি হয়ে বেনাপোলের উদ্দেশে যেতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
এদিকে আল ইকরাম সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জিয়ার বাবা ইউনুছ মল্লিক বর্তমানে ভাণ্ডারিয়া এলজিইডিতে চাকুরিরত। তিনি জানান, কয়েক মাস আগে তিনি জিয়াকে ত্যাজ্য করেছেন। চার ছেলের মধ্যে জিয়া দ্বিতীয়। চার বছর আগে সে রিপাকে বিয়ে করে। রিপা জনৈক ফিরোজ কাজীর পালিত কন্যা।
জিয়া ঝালকাঠি বালক বিদ্যালয় থেকে ৯৩ সালে এসএসসি পাশ করে আর পড়া লেখা করেনি। এরপর ভবঘুরে থাকার পর ঝালকাঠি সরকারী কলেজ সড়কে একটি বাড়িতে আল ইকরাম সমাজ কল্যাণ সংস্থার প্রধান অফিস নেয়। এখান থেকে জিয়া বাসাভাড়া ও বিদ্যুৎ বিল না দিয়ে পালিয়ে যায় ।
বন্ধু ও পরিচিতদের কাছ থেকে জানা যায়, সে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে চাকুরি দেওয়া, জমির দালালি ও ভুয়া চেক প্রদান করে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ঝালকাঠি থেকে পালিয়ে এ টাকা নিয়ে বরিশালে আল ইকরাম সমাজ কল্যাণ সংস্থার অফিস নেয়। জানা গেছে, জিয়া ও রিপার নামে ঝালকাঠি, বরিশাল ও ঢাকায় তিনটি ব্যাংক একাউন্ট রয়েছে। আল ইকরাম সংস্থার অধীনে কিছু মাঠকর্মী নিয়ে তারা গড়ে তোলে একটি শক্তিশালী নেটওয়ার্ক।
স্থানীয় একটি সূত্র জানায়, ঝালকাঠিতে জিয়ার ঘনিষ্ঠ এক পরিবারের কাছে প্রায় তিন মাস আগে বিভিন্ন স্থানে বোমা হামলা চালানোর কথা বলেছিল জিয়া। ওই সূত্র থেকে জিয়ার সাথে যোগাযোগের একটি মোবাইল নাম্বার পাওয়া যায়। নাম্বারটি হল ০১৮-৯৬৭৭৭৯৩। এ নাম্বারে তাকে পাওয়া যায়নি। পরে ০১৭৭-১১৯৬৭৫ থেকে হাসান পরিচয়ে একজন কলব্যাক করে জানতে চায়, পূর্বের নাম্বারে কেন ফোন করা হয়েছিল। ওই নাম্বারটি তার বলে দাবি করেন এবং তার বাসা ঢাকার বাসাবো বলে জানান।
একাধিক সূত্র জানায়, সুচতুর জিয়ার জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার বিষয়টি হালকা করে দেখার কোনও অবকাশ নেই। তাকে সার্বিক সহযোগিতা করেছে তার স্ত্রী রিপা। রিপাই আল ইকরাম সংগঠনের নেপথ্য পরিচালক বলে জানা গেছে।
জিয়ার বাবা জানান, চার মাস আগে ঝালকাঠি পোস্ট অফিস সড়কের তাজ জুয়েলার্স থেকে জিয়া অগ্রণী ব্যাংক ঝালকাঠি শাখার ৩৯ হাজার ৫ শ টাকার ভুয়া চেক দিয়ে ১১ হাজার টাকার স্বর্ণালংকার নিয়েছে। এ বিষয়টি গোয়েন্দা বিভাগও খতিয়ে দেখছে। পিতা হিসেবে ছেলের কার্যক্রম পছন্দ না হওয়ায় এবং পুত্রবধূ রিপার অসদাচরণে তিক্ত হয়ে জিয়াকে ত্যাজ্য করে দেন। তিনি এ ব্যাপারে ১৭ মে নোটারী পাবলিকের মাধ্যমে ৮৩/০৫ নং এফিডেভিট এবং ১৮ জুন ঝালকাঠি থানায় ডায়েরি করেন, যার নম্বর ৭৬৯।
জিয়ার স্ত্রী রিপার পালক বাবা ফিরোজ জানান, তিনিও রিপাকে ত্যাজ্য করেছেন তিন বছর আগে। রিপা এবং জামাই জিয়ার চলাফেরা ছিল উগ্র এবং সন্দেহজনক। তিনি আরও জানান, আল ইকরাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে তারা লাখ লাখ টাকা আত্মসাৎ করে। এখন এ টাকা অনেকেই তার কাছে চাইতে আসে।
তিনি জানান, রিপা বেশকিছু দিন আগে ভারত গিয়েছিল একটি সংগঠনের মাধ্যমে। সেখানে অনেকদিন অবস্থান করায় অনেকের সংগেই রিপার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পতি বোমা হামলা ও জঙ্গিবিরোধী অভিযানে আত্মগোপন করতে তারা বেনাপোল হয়ে ভারত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, আল ইকরাম সমাজ কল্যাণ সংস্থার (এআইএস ওএস) প্রধান কার্যালয় ইতোপূর্বে বরিশালে উল্লেখ করা হলেও ঝালকাঠি শহরের কলেজ রোডের বিকনায় প্রধান কার্যালয়ের একটি সাইনবোর্ড পাওয়া গেছে। কিন্তু সেখানে বর্তমানে সংস্থার কোনও কার্যক্রম দেখা যায় না।
বরিশালে বোমা হামলায় জড়িত সন্দেহে আটক ওই সংস্থার কর্মকর্তা সোলায়মান জিয়ার ঘনিষ্ঠ সহযোগী বলে জানা যায়।
