২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে পুলিশ সোর্স নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে দুস্কৃতিকারীরা আলমগীর নামের এক পুলিশ সোর্সকে বৃহস্পতিবার গভীর রাতে গুলি করে হত্যা করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সূত্র জানায়, বিভিন্ন অপরাধী তৎপরতার খবর পুলিশে জানিয়ে দেয়ায় দুস্কিৃতিকারীরা তার উপর ক্ষিপ্ত হয়ে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে।

চকরিয়া থানা পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাত প্রায় ৩টায় একদল দুস্কৃতিকারী আলমগীরের গ্রামের বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। আলমগীরের সাথে তাদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে দুস্কৃতিকারীরা আলমগীরকে লক্ষ্য করে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ খবর পেয়ে শুক্রবার সকালে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

এদিকে স্থানীয় এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদুর রহমান সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে আলমগীর স্থানীয় পর্যায়ে কতিপয় সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করে আসছিলো। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পেটকাটা ইলিয়াছ গ্রুপের সন্ত্রাসীরা এই হত্যাকান্ড ঘটায় বলে স্থানীয় এলাকাবাসীরা পুলিশকে জানিয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।