নগরীতে নাতির হাতে বৃদ্ধা খুন
রাজধানীর কাফরুলে বৃহস্পতিবার দুপুরে নাতির হাতে খুন হয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধা মুসিরুন্নেছা।
হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের এক নাতনিকে আটক করেছে এবং অপর এক নাতিকে খুঁজছে।
নিহতের স্বামীর নাম আব্দুল হাসান মোল্লা। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার প্রভাকার্দি গ্রামে। তিনি কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকার ৪৫৩ নং বাসায় বসবাস করতেন।
পাঁচ তলা ভবনের নিচ তলা থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধারল অস্ত্র দিয়ে বৃদ্ধাকে খুন করা হয়। তার দেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
বৃদ্ধার পাঁচ সন্তানের মধ্যে তিনজনই ভবনটিতে বসবাস করে। এরা হচ্ছে, সেনাবাহিনীর সদস্য মোহাম্মদ কামাল, ঔষুধের দোকান মালিক মোহাম্মদ কাবুল এবং গার্মেন্টস ব্যবসায়ী টুটল।
ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে নিহতের পরিবারে এক সদস্য মোহাম্মদ রাওশান মুন্সী(৩৪) সাংবাদিকদের জানান, তারা সন্দেহ করছেন সম্পত্তি বা পরিবারের অন্যান্য ইস্যু নিয়ে ঝামেলার কারণে বৃদ্ধাকে খুন করা হয়েছে।
অভিযুক্ত কাবির হোসেন বৃদ্ধার পাঁচ কন্যার মধ্যে বড় কন্যার ছেলে । খুনের পর থেকে কবির পলাতক রয়েছে।
কাফরুল থানার এসআই আনোয়ার বিডিনিউজকে জানান, বৃদ্ধার পাঁচ ছেলের বড় ছেলের মেয়ে নাসরিন আক্তার সাথিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সাথি খুনের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী।
তিনি বলেন, খুনের ঘটনার পিছনের কারণ সম্পর্কে আমরা মোটামুটি নিশ্চিত। সাথিকে জিজ্ঞাসাবাদের পর আমরা এ বিষয়ে আরও নিশ্চিত হতে পারব।
