সংস্কারের স্বার্থে মেঘনা ও গোমতি সেতু দুমাসের জন্য বন্ধ হচ্ছে, ফেরিতে চলবে যান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতু সাময়িকভাবে দুমাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, সংস্কারের প্রয়োজনে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বন্ধ করে দেওয়া হবে গুরুত্বপূর্ণ ওই দুটি সেতু। যানবাহন চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে রাখা হবে ১০টি ফেরি।
১৯৮৬ ও ১৯৯১ সালে পর্যায়ক্রমে নির্মাণ করা সেতু দুটির বিভিন্ন অংশ অতিরিক্ত যান চলাচলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সেতু দুটির টোল আদায়কারী জাপানি সংস্থা ব্রোমাস’র সাথে শনিবার সওজ’র উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের চুড়ান্ত বৈঠকের পর ৭ সেপ্টেম্বর থেকে সেতুগুলো সংস্কারের কাজ শুরু হবে।
একই সময় যান চলাচলের সুবিধার্থে সেখানে চালু করা হবে ১০টি ফেরি। এরইমধ্যে বিভিন্ন স্থান থেকে সেখানে ফেরিগুলো নিয়ে যাওয়া হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাপানি নির্মাতা প্রতিষ্ঠান নিপ্পন ইন্টারন্যাশনাল ও ব্রোমাস’র যৌথ উদ্যোগে সেতু দু’টি সংস্কার করা হবে। সেতু নির্মাণ ও লিজের চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটি এ সংস্কারের কাজ হাতে নিয়েছে।
সূত্র জানায়, মেঘনা ও গোমতি সেতু দুটির নির্মাণে আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে যানবাহন চলাচলে সংখ্যা ছিল মাত্র ৩০ হাজার। কিন্তু সেতু নির্মাণের পর এখন এই সংখ্যা তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে প্রায় এক লাখে দাঁড়িয়েছে। ফলে সেতু দুটিকে নিতে হচ্ছে বাড়তি চাপ। এগুলোর সংযোগস্থল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সেতু দুটি সংস্কারের যাবতীয় ব্যয় ওই দুটি সংস্থাই বহন করছে। সওজ কর্তৃপক্ষ সেতু সংস্কার কাজ তদারকি করবে মাত্র। এই তদারকির দায়িত্ব পালন করবে নারায়ণগঞ্জের সওজ বিভাগ।
নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সানাউল হক বিডিনিউজকে জানান, সেতু দুটি পর্যায়ক্রমে সংস্কার করা হবে। এ জন্য প্রতিটি সেতুর ওপর দিয়ে যান চলাচল অন্তত: একমাস করে বন্ধ রাখা হচ্ছে।
তিনি আরো জানান, নদী পারাপারের জন্য মাত্র ১০টি ফেরি দিয়ে অধিক পরিমান যানবাহন পারাপার করতে সাময়িকভাবে কিছুটা অসুবিধার সৃষ্টি হতে পারে।
