২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সন্ত্রাসীরা যে কোনও কিছু করতে সক্ষম: ফরাসী-চার্জ দ্য অ্যাফেয়ার্স

ঢাকাস্থ ফরাসী চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যঁ রম্নিসিয়ানো বলেছেন, সারাদেশে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সন্ত্রাসী নেটওয়ার্ক রয়েছে এবং তারা চাইলে যে কোনও কিছু করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 04:32 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সদস্যদের সাথে আলোচনাকালে ফরাসী চার্জ দ্য অ্যাফেয়ার্স এই মন্তব্য করেন।

এসময় বিভিন্ন বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনার ব্যাপারে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের ঐক্যবদ্ধভাবে আলোচনা করা উচিত।

১৭ আগস্টের বোমা হামলাকে তিনি ‘সুপরিকল্পিত’ এবং কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পরিচালিত উল্লেখ করে বলেন, এ হামলা সরকারের প্রতি একটি রাজনৈতিক বার্তা। ফরাসী চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশ বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

দেশব্যাপী বোমা হামলার বিষয়ে এই প্রথম কোনো ইউরোপীয় অথবা বিদেশী কুটনীতিক কোনো মন্তব্য করলেন।

ফরাসী চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, গিনেস বুকে নাম লেখানোর জন্যে এটি ‘দুঃখজনক পথ’ এবং বাংলাদেশের জন্যে খুবই ‘দুর্ভাগ্যজনক’।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয়, সন্ত্রাসীদের এ ধরনের হামলা বিশ্বের কোথাও হয়নি। অত্যন্ত সুপরিকল্পিত এবং সংগঠিতভাবে এ হামলা চালানো হয়েছে। জ্যঁ রম্নিসিয়ানো বলেন, বাংলাদেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের ঘটনা নতুন নয়। এ ধরনের হামলা সম্পর্কে রাজনৈতিক বিশেষজ্ঞ, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় বলে আসছে। ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে নিশ্চিত করে কিছু না বলায় বিস্ময় প্রকাশ করেন ফরাসী চার্জ দ্য অ্যাফেয়ার্স।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের মন্তব্য-‘রাজনীতিতে তৃতীয় শক্তি উত্থান’র ব্যাপারে রোমনিশিয়ানু জানান, এ ব্যাপারে তিনি অবগত নন। তবে ১৭ আগস্টের বোমা হামলার মধ্য দিয়ে বাংলাদেশে সন্ত্রাসীদের শক্ত অবস্থানের বিষয়টি পরিষ্কার হয়েছে এবং তারা চাইলে যে কোনও কিছু করতে পারে। তিনি আরও বলেন, এ হামলার মাধ্যমে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা না ঘটলেও সরকারের প্রতি এটি একটি ‘ইঙ্গিতপূর্ণ বার্তা’।

এ ঘটনায় আন্তর্জাতিক সম্পৃক্ততা প্রসঙ্গে ফরাসী চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, এর সঙ্গে বিদেশি শক্তি জড়িত থাকতেও পারে আবার নাও পারে, কোনও বিশেষ শক্তির ব্যাপারে আমার কোনও ধারণা নেই। তবে বোমা বিস্ফোরণস্থলগুলো থেকে উদ্ধার করা লিফলেটকে তিনি ‘ইঙ্গিতপূর্ণ’ বলে অভিহিত করেন।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী এবং বিরোধী দলীয় নেত্রীর ওপর হামলার সঙ্গে এ হামলার কোনও যোগসূত্র আছে কিনা, জানতে চাইলে ফরাসী চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, আগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং সেগুলো কোনও একটি নির্দিষ্ট এলাকায় সংঘটিত হয়েছে। কিন্তু ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সারা দেশে একযোগে। তিনি বলেন, ঘটনাগুলোর একটির সঙ্গে অন্যটির যোগসূত্র আছে কিনা, সে ব্যাপারে চার্জ দ্য অ্যাফেয়ার্স তার অজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ১৭ আগস্ট বোমা হামলার ঘটনা সম্পর্কে বলেন, ৫০০ বোমা তৈরি, বিতরণ এবং সারা দেশে একযোগে বিস্ফোরণই এ হামলার বিশেষ দিক। বোমা হামলার পর সরকারের গৃহীত পদক্ষেপ এবং প্রধানমন্ত্রীর বিবৃতি সম্পর্কে তিনি বলেন, আমরা এসবের ফলাফলের জন্যে অপেক্ষা করছি।

বাংলাদেশের অর্থনীতির ওপর এ বোমা হামলার প্রভাব সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হলে চার্জ দ্য অ্যাফেয়ার্স উল্লেখ করেন, বোমা হামলার ঘটনায় দেশের ইমেজের কিছুটা ক্ষতি ইতোমধ্যেই হয়ে গেছে। কিন্তু অর্থনীতির ওপর এর প্রভাব নির্ভর করবে ঘটনার পর গৃহীত পদক্ষেপ এবং তার ফলাফলের ওপর। যদি তদন্তের ফলাফলে কোনও ইতিবাচক দিক না থাকে এবং কার্যকর পদক্ষেপ নেয়া না হয়, তাহলে যেদেশে এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটে, সেখানে বিনিয়োগকারীরা তাদের অর্থ বিনিয়োগ করতে চাইবে না।

বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দুই প্রধান রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের অবশ্যই একসাথে কাজ করা উচিত। আমরা সব সময়ই বলে আসছি সংঘাতময় রাজনীতি দেশের জন্যে মঙ্গলজনক নয়।