বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসার ৩৬ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি
এমপিওভুক্ত বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, কর্মকতা-কর্মচারির ৩৬ হাজার শূন্য পদে আগামী দুই মাসের মধ্যে নিয়োগের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
স্থায়ী কমিটির বুধবারের বৈঠকে এই নিয়োগের জন্য অর্থসংস্থান নিয়েও আলোচনা হয়।
তবে প্রয়োজনীয় তহবিল সংকট নিয়ে আলোচনায় বৈঠকে সিদ্ধান্ত হয়, তহবিল সংগ্রহে সমস্যা হলে সরকারি কোষাগার থেকে তাদের জন্য বেতনের শতকরা ৭৫ ভাগ অর্থ ব্যয়িত হবে।
বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মকতা-কর্মচারিদের বেতনের ৯০ শতাংশ সরকারি কোষাগার থেকে দেয়া হয়।
সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয়, দেশে ইংরেজী শিক্ষকের শূন্যতা পুরণ করতে ইংরেজী বিষয়ে পাশ করা দুটো তৃতীয় শ্রেনী প্রাপ্ত প্রার্থীও গ্রহনযোগ্য হবে।
সভায় সিদ্ধান্ত হয়, প্রত্যেকটি জেলা সদরে শিক্ষা কর্মকর্তার দপ্তরে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও’র আবেদন গ্রহন করা হবে। জেলা শিক্ষা অফিস এ আবেদনগুলো শিক্ষা ভবনে পাঠাবে।
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও’র আবেদন সরাসরি ঢাকায় এসে জমা দিতে হয়। এ কার্যক্রমে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ থাকায় স্থায়ী কমিটি ইন্টারনেটের মাধ্যমে কার্যক্রমের ওপর জোর দেয়।
কমিটির সভাপতি সামসুল আলম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কর্মকান্ড আগামী ৩১ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেয়া হয়। শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক স্থায়ী কমিটির সুপারিশগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলে আশ্বাস দেন।
কমিটির সদস্য আবু ইউসুফ, খলিলুর রহমান, সেলিম রেজা হাবিব, শহীদ উদ্দিন চোধুরী এ্যানী বৈঠকে উপস্থিত ছিলেন।
