জিয়া বিমানবন্দরে আরও চার জঙ্গি আটক, আপডেট
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ বুধবার সকালে সন্দেহভাজন চারজন ইসলামী জঙ্গিকে আটক করেছে।
আটককৃত সকলেই সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার দায়িত্ব শিকারকারী জামা’আতুল মুজাহিদীনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতা।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একাধিক কর্মকর্তা বিডিনিউজকে জানান, আটককৃত ওই চারজনের মধ্যে তিনজনের সকাল ১১টার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে (ইকে-৩৩৮) দুবাই যাওয়ার কথা ছিলো। তারা হচ্ছে, বরিশালের কবির হোসেন ও আব্দুর রাজ্জাক এবং মাদারীপুরের শফিকুর রহমান।
এছাড়া ওই দলের আরেকজন সাভারের মোহাম্মদ আলমের সৌদি এয়ারলাইন্সের বেলা ১২টার ফ্লাইটে ( এসভি-৮০১) সৌদি আরব যাওয়ার কথা ছিলো।
ইমিগ্রেশন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ সকাল ১১টার দিকে ওই যাত্রীদের অফলোড করে। তাদের সকলেই ছিলো ট্যুরিস্ট ভিসার যাত্রী। পরে তাদের তুলে দেওয়া হয় পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে।
বিমানবন্দর সূত্র জানায়, দিনভর একাধিক সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থার সদস্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে।
গোয়েন্দা বিভাগগুলো এরই মধ্যে শতাধিক ব্যক্তির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞার একটি তালিকা বিমানবন্দরের একাধিক সংস্থার কাছে হস্তান্তর করেছে।
সোমবারই বিদেশ যাওয়ার আগে জিয়া বিমানবন্দর থেকে প্রথমে ইমিগ্রেশন পুলিশ ও পরে র্যাব জামা’আতুল মুজাহিদের শীর্ষ স্থানীয় নেতা মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে গ্রেফতার করে।
মাওলানা মাসউদকে সারা দেশে ১৭ আগস্ট একযোগে সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। তবে মঙ্গলবার আদালতে তিনি ওই বোমা হামলার জন্যে সরাসরি জামায়াতে ইসলামীকে দায়ী করেন।
১৭ আগস্ট দেশজুড়ে যে ৫০০ বোমা বিস্ফোরণ হয়, জামা’আতুল মুজাহিদীন আরবি ও বাংলা ভাষায় লিফলেট বিলি করে এর দায়দায়িত্ব স্বীকার করে।
