২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ব্যবসায়ী জামাল উদ্দিনের কবর সনাক্ত

র‌্যাব সদস্যরা বুধবার দুপুরে জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগরের দুর্গম পার্বত্য এলাকায় অপহৃত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিনের কবর সনাক্ত করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

গ্রেপ্তারকৃত কালা মাহবুবের স্বীকারোক্তি অনুযায়ী জামাল উদ্দিনের কবর সনাক্ত করার পর র‌্যাব সদস্যরা বর্তমানে ফটিকছড়িতে অবস্থান করছে। মাহবুব ফটিকছড়ির কাশেম চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি।

র‌্যাবের একজন মুখপাত্র বলেন, তারা জামাল উদ্দিনের কবর সনাক্ত করতে পেরেছেন এবং কবর খুঁড়ে বেশ কিছু হাড়ও পেয়েছেন।

র‌্যাবের মিডিয়া সমন্বয়ক এবং এএসপি ওসমান গনি জানান, কবরটি যে জামাল উদ্দিনের, এ ব্যাপারে তারা প্রায় নিশ্চিত। আজ রাতের মধ্যেই কবর খোড়া শেষ হবে বলে তারা জানান।

তিনি আরও জানান, উদ্ধার করা কঙ্কাল প্রকৃতপক্ষেই অপহৃত ব্যবসায়ী জামাল উদ্দিনের কিনা, ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার পরই তা নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে জামাল উদ্দিনের বড় ছেলে চৌধুরী ফরমান রেজা (লিটন) জানান, র‌্যাব কর্মকর্তাদের মাধ্যমে আমরা বাবার কবর সনাক্ত করার খবর পেয়েছি। আমরা ফটিকছড়ি যাচ্ছি।

র‌্যাবের একজন ম্যাজিস্ট্রেড আবু নাসের স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তাকে সাথে নিযে বুধবার রাতে জামাল উদ্দিনের পরিবারের সদস্যদের সামনে কবর থেকে দেহাবশেষগুলো তুলে আনার কাজে নেতৃত্ব দেবেন।