২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক সুবিধা বঞ্চিত নরসিংদী পৌরবাসী

বিভিন্ন সমস্যায় জর্জরিত নরসিংদী পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 11:58 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পৌরসভার বয়স ৩৩ বছর হলেও পৌর এলাকায় অবকাঠামোগত তেমন কোন পরিবর্তন নেই। নরসিংদী পৌরসভা তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও নাগরিকরা সুবিধা পাচ্ছে না তৃতীয় শ্রেণীরও।

সূত্র জানায়, অবিশ্বাস্য হলেও সত্য পৌরসভার চৌয়ালা এলাকার মানুষ শীত, গ্রীষ্ম, বর্ষাসহ সব ঋতুতেই বাঁশের সাকোঁ দিয়ে যাতায়াত করে। এ জলাবদ্ধতা বহুদিনের।

রাস্তাঘাটের অবস্থা আরও শোচনীয়। শহরে এমন কোন রাস্তা নেই যে রাস্তা দিয়ে নাগরিকরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।

পৌর শহরের অধিকাংশ এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হওয়ার সাথে সাথে শহরটি ভুতুড়ে শহরে পরিণত হয়।

এছাড়া অনেক এলাকার বিভিন্ন ডাস্টবিন না থাকায় ময়লা-আবর্জনা রাখা হচ্ছে রাস্তার ওপরেই। এসব আবর্জনা পরিবেশের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে জলাবদ্ধতা নরসিংদী শহরের প্রধান সমস্যা। শহরের ড্রেনেজ ব্যবস্থা এতটাই নাজুক যে, সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে পুরো শহর।

বর্ষা মৌসুমের শুরুতে পাইপ ড্রেন নির্মাণের জন্য শুরু হয়েছে রাস্তা খোড়াখুড়ির কাজ। কিন্তু পৌর কর্তৃপক্ষ কাজে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন না করায় এ পর্যন্ত সৃষ্ট গর্তে পড়ে অসংখ্য লোক আহত হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় রাস্তা খোড়ার ফলে ব্যবসায়ীরা রাস্তার পাশের দোকানপাট খুলতে পারছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাইপ ড্রেনের কাজও মান সম্মত হচ্ছে না।

এ ব্যাপারে দায়িত্বে নিয়োজিত ইউজিআইআইপি‘র (আরবান প্রকল্প) কনসালটেন্ট খলিলুর রহমান বিডিনিউজকে জানান, ঠিকাদাররা স্থানীয় হওয়ায় নিয়ম অনুযায়ী কাজ করছে না।

পাইপ ড্রেন লাইনের গর্ত খোড়াখুড়ির অজুহাতে পৌর চেয়াম্যানের লোকজন কোন কোন বাড়ির মালিকের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

একটি সূত্র জানায়, এ পর্যন্ত তিন বার প্রকল্পের সময় বর্ধিত করা হলেও মাত্র ২০ ভাগ কাজ শেষ হওয়ার পথে।

এ ব্যাপারে নরসিংদী পৌর চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন বিডিনিউজকে জানান, প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়েই শেষ হবে। প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীরা কাজের মান ও অন্যান্য বিষয়ে তদারকি করছেন। সুতরাং এসব কাজের দায়-দায়িত্ব তাদের ওপরই বর্তাবে।