চট্টগ্রামে ১১ শ’ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বাটালি আনোয়ারা উপজেলা থেকে ১১ শ’ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের একজন মহিলা। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ওসমান কবির আনোয়ারা থানা পুলিশের সহযোগিতায় বাটালিতে মো. খাদেমের বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ এদের গ্রেফতার করে।
ওসমান কবির জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষায় দেখা গেছে, উদ্ধারকৃত হেরোইন উন্নত মানের।
গ্রেফতারকৃতরা হচ্ছে আবু নাসের চৌধুরী (বাদল), আরজু বেগম এবং বাড়ির মালিকের পুত্র মো. কামাল।
আরও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদরঘাট (চট্টগ্রাম) কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে কঠোর তদন্ত চালানো হচ্ছে।
