২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণে গ্রেফতার অভিযান চলছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত

সারাদেশে সিরিজ বোমা হামলার পর পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। শনিবার রাতে ও রোববার দেশের বিভিন্ন স্থ্না থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গীকে আটক করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এছাড়া আগে বিভিন্ন স্থান থেকে আটককৃতদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ’র প্রতিনিধিরা এ সংক্রান্ত খবর পাঠিয়েছেন।

আদালত প্রতিবেদক জানান, বোমা হামলার অভিযোগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারকৃত পাঁচজনকে আবারো তিনদিনের দিনের রিমান্ডে নেওয়া হয়। অপর দুজনকে পাঠানো হয় জেল হাজতে।

তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, ১৭ আগস্ট বিমানবন্দরের সিঁড়িতে বোমা হামলার সাথে আসামীরা জড়িত। দুদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

আসামীদের মধ্যে যে পাঁচজনকে সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়, তারা হচ্ছে, হাফিজ রবিউল ইসলাম, শাহ জালাল, হামিদুর রহমান, হাফেজ কাউসার আহমেদ ও হাফেজ জায়েদুল ইসলাম। অপর যে দুজনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি, তারা হচ্ছে, শাহ আলম ও আনোয়ার হোসেন।

এদিকে গাইবান্ধায় বোমা হমলার ঘটনায় শনিবার রাতে পুলিশ জেলার সাঘাটা, সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন, গোবিন্দগঞ্জের জগদীশপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন জামা’আতুল মুজাহিদীনের ১০ ব্যক্তিকে আটক করে।

এরমধ্যে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দেলোয়ার হোসেন (২৬), মোশাররফ হোসেন (২৫), শাহজাহান আলী (৩০) ও গোবিন্দগঞ্জ থেকে আটককৃত অপর এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার দেখিয়ে রিমান্ডের জন্য আবেদন জানিয়েছে।

আটককৃতদের মধ্যে জামা’আতুল মুজাহিদীনের আঞ্চলিক কমান্ডার মতিন মেহেদীর বাবা এনামুল হক মন্ডল মাষ্টারকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

নড়াইলে পুলিশ শুক্রবার আরাফাত (২১) নামে এক যুবককে আটক করে। আরাফাতের বাড়ি জেলা সদরের লস্করপুর গ্রামে। শনিবার পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে আনে।

চুয়াডাঙ্গা জেলা যুবদল সম্পাদকের ভাতিজা আরিফ খন্দকারকে পুলিশ বোমা হামলার ঘটনায় আটক করে জ্ঞিাসাবাদ করছে। আরিফের সাথে একটি মৌলবাদী সংগঠনের যোগসাজস রয়েছে বলে অভিযোগ আছে।

জয়পুরহাটে পুলিশ রোববার শালবন মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসানকে বগুড়া থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

মাগুরায় আহলে হাদিস আন্দোলনের দুজন সদস্যকে শনিবার রাতে পুলিশ আটক করে। আটককৃতরা হচ্ছে, মশিউর রহমান ও কাশেম মোল্লা।

নওগাঁয় আরো দুজনকে রোববার গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে, সদর উপজেলার দোগাছী গ্রামের ইসমাইল হোসেনের পুত্র মোহাম্মদ আলী (২৫) ও নওগাঁর মধ্য আরজী’র নীলচাঁদ প্রামানিকের পুত্র গোলাম হোসেন (২৫)। অন্যদিকে গ্রেফতারকৃত শহিদুলকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি বলে পুলিশ জানিয়েছে।

নীলফামারীতে জামা’আতুল মুজাহিদীনের আঞ্চলিক কমান্ডার গোলাম মোস্তফাকে পুলিশ রিমান্ডে নিয়ে তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। জামা’য়াতুল মুাজাহিদীনের প্রধান শাইখ আব্দুর রহমানের সাথে গ্রেফতারকৃত গোলাম মোস্তফার সরাসরি যোগাযোগ ছিলো বলে পুলিশ জানায়।

বরগুনায় গ্রেফতারকৃত পাঁচ জনের রোববার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আসামীরা হচ্ছে, মোস্তফা হাসান, ছোট লবনগোলার বেলাল হোসেন (১৮), লেমুয়ার কোটবাড়িয়ার ফরহাদ হোসেন (১৬), কামড়াবাদের বেলাল উদ্দিন (৩১) এবং তালতলীর বেহালা গ্রামের ইদ্রিস (২৭) ।

সিরাজগঞ্জে জঙ্গী সন্দেহে আটক দুজনের রোববার আদালতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। আটক দুজন হচ্ছে, আলমীর হোসেন ও বেলাল হোসেন।