২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের তথ্য সংরক্ষণে সফটওয়্যার তৈরি করছে র‌্যাব

অপরাধমূলক কর্মকান্ডের ব্যাপারে খোঁজ খবর রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সন্ত্রাসীদের সকল তথ্য থাকবে-এমন একটি সফটওয়্যার তৈরি করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

র‌্যাব বর্তমানে সন্ত্রাসীদের তথ্যগুলো হাতে লিখে রাখছে এবং সফটওয়্যার তৈরি শেষ হলে তথ্যগুলো তাতে স্থাপন করা হবে। র‌্যাব সূত্র একথা জানায়।

এই ডাটাবেইজ সফটওয়্যারের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততার সাথে সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারবে। তাছাড়া অপরাধমূলক কর্মকান্ডের কার্যকর তদন্তে এটি ভূমিকা রাখবে। এ সফটওয়্যারে সন্ত্রাসীদের মামলা ও অপরাধী চক্রের সাথে তাদের যোগসূত্রসহ বিস্তারিত তথ্য থাকবে।

র‌্যাব ইতোমধ্যেই তাদের উত্তরার প্রধান কার্যালয়ে স্থাপিত যোগাযোগ ও ব্যবস্থাপনা তথ্য সার্ভিস (এমআইএস) অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে মাইক্রোওয়েভ সংযোগের সাহায্যে এক ব্যাটালিয়ন থেকে অন্য ব্যাটালিয়নে তথ্য ও কথাবার্তা আদান প্রদানের ব্যবস্থা করেছে।

অধিদপ্তরের কর্মকর্তারা বিডিনিউজকে বলেন, মাইক্রোওয়েভ সংযোগের মাধ্যমে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে ঢাকার সাথে যুক্ত করার জন্য একটি অভিন্ন ডিজিটাল হাইওয়ে স্থাপন করা হয়েছে। সিলেট ও বরিশালকেও এর আওতায় আনার কাজ এগিয়ে চলছে।

২০০৬ এর জুন নাগাদ প্রচলিত এ সফটওয়্যার তৈরির কাজ সমাপ্ত হবে বলে র‌্যাব কর্তৃপক্ষ আশা করছে। সফটওয়্যারটি তৈরি শেষ হলে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা করতে তাদের মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপন করা হবে।

সফটওয়্যারটিতে অপরাধীদের তথ্য, প্রশাসন, নিরাপত্তা কোড ও ওয়েবসাইট এবং যানবাহন ব্যবস্থাপনা সম্পর্কিত সকল তথ্য সংরক্ষিত থাকবে।

অপরাধীদের হাতের ছাপ ও ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য দরকার ফরেনসিক ল্যাবরেটরি।

সূত্র জানায়, এর ফলে টিএণ্ডটির প্রতি নির্ভরতা কমে যাবে এবং র‌্যাবের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

র‌্যাব কর্মকর্তারা বলেন, টহল যানের স্থান নির্দেশ করতে ঢাকায় ৩০টি গাড়িতে যানবাহনের স্থান নির্দেশনা যন্ত্র বসানো হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ পাওয়ার পর কাছাকাছি থাকা গাড়িকে ঘটনাস্থলে পাঠানো হবে।

সূত্র আরও জানায়, এছাড়াও ওয়্যারলেস তথ্য ও বার্তা স্থানান্তরের জন্য ৫০টি গাড়িতে মোবাইল ডাটা টার্মিনাল (এমডিটি) স্থাপন করা হবে। ইতোমধ্যেই ৪০টি গাড়িতে এধরনের প্রযুক্তি স্থাপন করা হয়েছে বলে সূত্র জানায়।

র‌্যাব এর ডিজিটালাইজেশনের জন্য ১৪৫ মিলিয়ন টাকার মহাপরিকল্পনার আওতায় ইতোমধ্যে ভিডিও কনফারেন্সিং চালু করা হয়েছে।

বিআরটিএ, পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ, এসবি ও মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বা সংস্থার সাথে নেটওয়ার্ক তৈরিরও পরিকল্পনা রয়েছে র‌্যাবের।