হাজ্বীদের সেবায় চিকিৎসক পাঠানো এবারও অনিশ্চিত
চলতি হজ্ব মৌসুমেও সৌদী আরবে হাজ্বীদের চিকিৎসা সেবা দিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসক পাঠানো অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হাজ্বীদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্যে ইসলামিক ফাউন্ডেশনে ৪০ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। এদের মধ্য থেকে হাজ্বীদের চিকিৎসা সেবা দিতে প্রতি বছর এক বা দুজনকে সৌদি আরব পাঠানো হয়।
সূত্র আরও জানায়, হজ্বের সময় ধর্ম মন্ত্রণালয় হাজ্বীদের আবাসন ও সেবাসহ সার্বিক দায়িত্ব পালন করে। তবে হাজ্বীদের জন্যে চিকিৎসক পাঠানোর ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তত্ত্বাবধানের দায়িত্বও এ মন্ত্রণালয়ের।
হাজ্বীদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকদের গাফিলতির কারণে অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ রয়েছে। যার দায় দায়িত্ব বর্তায় ধর্ম মন্ত্রণালয়ের ওপর। তবে এসব চিকিৎসকের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে না। এজন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাতে হয়।
সূত্র জানায়, এসব জটিলতা এড়াতে ধর্ম মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভা কমিটির কাছে ইসলামিক ফাউন্ডেশনের অভিজ্ঞ চিকিৎসকদের সৌদি আরব পাঠানোর সুপারিশ করা হয়েছে। মন্ত্রিসভা কমিটি ধর্ম মন্ত্রণালয়ের সুপারিশের পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশকেই প্রাধান্য দিচ্ছে বলে সূত্র জানায়।
এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান বিডিনিউজ-এর কাছে ইসলামিক ফাউন্ডেশনের চিকিৎসক পাঠানোর ব্যাপারে অনিশ্চয়তার কথা স্বীকার করে বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে একাধিকবার মন্ত্রিসভা কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে। কিন্তু সেখানে তারা বিষয়টিকে এখনও আমলে নেননি।
তিনি বলেন, গত হজ্ব মৌসুমে হাজীদের চিকিৎসা সেবার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু চিকিৎসককে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজন ভুয়া চিকিৎসক থাকারও অভিযোগ উঠেছিল। এতে সেখানে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশী চিকিৎসকদের উজ্জ্বল ভাবমূর্তি ধরে রাখার দায়িত্ব সরকারের। এ বিষয়টি বিবেচনায় রেখেই হাজ্বীদের জন্যে চিকিৎসক পাঠানো উচিত।
