পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৮৩
পৃথক সড়ক দুর্ঘটনায় রোববার রাজবাড়ী, সিরাজগঞ্জ, হবিগঞ্চ ও মাগুরায় আটজন নিহত ও ৮৩ জন আহত হয়েছে।
বিডিনিউজ মাগুরা প্রতিনিধি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে মোহম্মদপুর-মাগুরা সড়কের বিনোদপুরে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস (যশোর ব-১১৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে তিনজন নিহত ও ২০ জন আহত হয়।
নিহতরা হল-আকতার হোসেন (৫০), তিজুরুদ্দিন(৪৫) ও প্রমিলা দাস (৬৫)। পরে উত্তেজিত জনতা দুপুর ২টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখে। তারা চারটি যানবাহন ভাংচুর করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, দৌলতদিয়া-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়।
নিহত মা ও মেয়ের নাম-জোবেদা খাতুন (৪৫) এবং পপি (৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাজবাড়ীর কল্যাণপুর নামক স্থানে। এখানে লোকাল বাস একতা পরিবহন (পাবনা-ব-১৭৭২) দৌলতদিয়া থেকে কুষ্টিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চার মহিলাসহ ২৬ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৭ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেটে। মহাসড়কের পাশে মা ও মেয়ে ভেজা পাট রোদে শুকাতে দেওয়ার সময় একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
ঘাতক বাসটি পালিয়ে যায়। এসময় এলাকাবাসী প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে রাজবাড়ী থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ-কাজীপুর আাঞ্চলিক মহাসড়কের ছোলগাছা কালিয়াদাহ টেকনিক্যাল কলেজের কাছে রোববার সকাল ১১টার দিকে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ৩০জন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামুখী থেকে সিরাজগঞ্জ আসার পথে একটি যাত্রীবাহী বাস ইলিয়াস পরিবহন (ঢাকা মেট্রো চ-৩৩৯৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক শিশু ও অপর একজন (৪২) নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ যাত্রী।
পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
হবিগঞ্জে সকালে একটি যাত্রীবাহী টেম্পু উল্টে গেলে মহিউদ্দিন তরফদার (২০) নিহত এবং অপর সাত যাত্রী আহত হয়।
হাজিগঞ্জের মনতলা থেকে চাঁদপূর যাওয়ার পথে বেলচোঁতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টেম্পুটি উল্টে গেলে মহিউদ্দিনসহ আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর মহিউদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে চাঁদপূর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
