রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৬
রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছে।
নিহত মা ও মেয়ের নাম-জোবেদা খাতুন (৪৫) এবং পপি (৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাজবাড়ীর কল্যাণপুর নামক স্থানে। এখানে লোকাল বাস একতা পরিবহন (পাবনা-ব-১৭৭২) দৌলতদিয়া থেকে কুষ্টিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে চার মহিলাসহ ২৬ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৭ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেটে। মহাসড়কের পাশে মা ও মেয়ে ভেজা পাট রোদে শুকাতে দেওয়ার সময় একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
ঘাতক বাসটি পালিয়ে যায়।
এসময় এলাকাবাসী প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে রাজবাড়ী থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
