প্রধানমন্ত্রীর চীন সফর গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকালে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির নিশ্চয়তা লাভের কারণে এ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার এ মন্তব্য করেন।
এ ছাড়া এ সফরে শীর্ষস্থানীয় চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিভিন্ন খাতে বিশেষ করে রাসায়ণিক ও খনি শিল্প এবং বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, এতে করে এই খাতসমূহে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।
সাধারণত প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের পর এ সম্পর্কে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে থাকে। তবে এবার শুক্রবার রাতে প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফিরে এলেও শনিবার সারা দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় এ জাতীয় কোনো আয়োজন করেনি।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৭ আগস্ট পাঁচ দিনের জন্য চীনে গেলেও বুধবার দেশব্যাপী বোমা বিষ্ফোরণের প্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। তবে সফর সংক্ষিপ্ত হলেও আনুষ্ঠানিক বৈঠক ও নির্ধারিত চুক্তি স্বাক্ষরসহ সকল রাষ্ট্রীয় কার্যসমূহ সম্পন্ন হয়েছে।
চীনের পিপলস গ্রেট হলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ছয়টি সম্মতিপত্র স্বাক্ষরিত হয়। গ্যাসখাত, পানি, পর্যটন ও বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টর সম্পর্কিত এসব সম্মতিপত্রের মধ্যে দু’টি পূর্ণাঙ্গ চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি কার্যপত্র বিনিময় সংক্রান্ত।
চিকিৎসা কার্য এবং বিদ্যুৎ উৎপাদনের ন্যায় শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে রাজি হয়েছে। এ ছাড়া উত্তর ঢাকা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট এবং ঢাকার পয়ঃনিষ্কাশন প্রকল্পে ৩০০ মিলিয়ন আরএমবি অনুদান প্রদান করতেও চীন সম্মত হয়েছে।
