২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমা হামলাকারীদের অস্তিত্ব বের করতে পারেনি পুলিশ ও গোয়েন্দা সংস্থা

দেশব্যাপী বোমা হামলাকারী জামা’আতুল মুজাহিদীন ও তার সহযোগী সংগঠনগুলোর কোনো অস্তিত্ব চট্টগ্রামে খুঁজে পায়নি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 05:31 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাজেদুল হক বিডিনিউজকে বলেছেন, এখন পর্যন্ত সম্ভাব্য বোমা হামলাকারী হিসেবে যাদের নাম এসেছে, চট্টগ্রামে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চট্টগ্রামে তাদের কার্যক্রম আছে কিনা, এ ব্যাপারে আরও অনুসন্ধানের জন্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।

চট্টগ্রাম সার্কেলের পুলিশ সুপার আফতাব উদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেছেন, মহানগরীর বাইরে কোথাও বোমা হামলা হয়নি। তারপরও গত দুদিনে জেলার ২০ টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়েছে। পুলিশ জেলার ১০টি বড় কওমি মাদ্রাসার ওপর নজর রাখছে। হামলাকারীরা মাদ্রাসাগুলোর বাইরেও অবস্থান করতে পারে বলে তিনি মনে করছেন।

বোমাহামলাকারীদের সন্ধানে গত দুদিনে মহানগরীর খুলশী থানাধীন সেগুনবাগান ও হাইলেভেল রোডের দুটি এতিম খানায় অভিযান চালানো হয়। এসব অভিযানে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি। ১৭ আগস্ট বোমা হামলার পরপরই এ দুটি এতিমখানার সামনে অবিস্ফোরিত বোমা পাওয়া গিয়েছিলো।

বোমা হামলায় জড়িত সন্দেহে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারকৃত ১২ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু বোমা হামলার ব্যপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

জেলার অভিযান গুলোতেও সন্দেহজনক বোমাহামলাকারীদের পাওয়া যায়নি। বোমা হামলার পর পরিচালিত অভিযানগুলোতে ১০জন ডাকাত গ্রেফতার ও নয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে আছে একটি রাইফেল, চারটি বন্দুক এবং চারটি এলজি।

বোমা হামলাকারীদের পুলিশ খুঁজে না পেলেও চট্টগ্রামের বেশ কয়েকজন মাওলানা ও মাদ্রাসার নামে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আছে দীর্ঘ দিন ধরে। চট্টগ্রাম মহানগরের কয়েকজন মাওলানা আফগানিস্তানে যুদ্ধ চলাকালে যুদ্ধক্ষেত্রে গিয়ে বাংলাদেশী যোদ্ধাদের সাথে দেখা করে এসেছেন।

এছাড়া গত দশকের শুরুতে মায়ানমারের আরাকানে রোহিঙ্গা সশস্ত্র আন্দেলনে অংশগ্রহণকারী আফগান যুদ্ধ ফেরত বাংলাদেশীদের সংগঠন হরকাতুল জেহাদের শক্ত অবস্থান ছিল চট্টগ্রামের মাদ্রাসাগুলোতে।