২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বিস্ফোরণের ঘটনায় অনিশ্চয়তার মুখে সার্ক শীর্ষ সম্মেলন

রাজধানী ঢাকাসহ সারাদেশে বুধবারের বিস্ফোরণের ঘটনায় আবারও দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এ কারণে দু’বার স্থগিত হয়ে যাওয়া ১৩তম সার্ক সম্মেলন সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে আবার অনিশ্চয়তার মুখে পড়েছে। এ বছরের নভেম্বরে ঢাকায় ১৩তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৩তম শীর্ষ সম্মেলন ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যায়ের ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং নিরাপত্তার অজুহাতে অংশগ্রহণে আপত্তি জানালে সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে সাতটি সদস্য দেশের সম্মতির ভিত্তিতে চলতি বছরের নভেম্বরে ঢাকায় শীর্ষ সম্মেলনের তারিখ নির্ধারণ হয়।

বাংলাদেশে বোমা বিস্ফোরণের ভয়াবহতায় উদ্বিগ্ন ভারত। বিস্ফোরণের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জী, পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং, স্বরাষ্ট্র মন্ত্রী শিবরাজ পাতিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমকে নারায়ানন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা।

হিন্দুস্তান টাইমস ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, বাংলাদেশ সীমান্তে ভারতীয় নিরাপত্তা সর্তকাবস্থা জারি করা হয়েছে। সার্ক সম্মেলনের ব্যাপারে কূটনৈতিক সূত্র জানায়, সারা বাংলাদেশের মূল স্থাপনাগুলোতে নিরাপত্তারক্ষী ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে দুবৃর্ত্তরা একই দিনে বোমা হামলা করার সামর্থ দেখানোর পর কোনও দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান দেশটিতে সফরের ব্যাপারে সংশ্লিষ্ট দেশের গোয়েন্দারা কোনও ঝুঁকি নেবে কি না তা নিয়ে সংশয় থেকে যায়।

অবশ্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বাংলাদেশে বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনায় কোনও ভারতীয় নাগরিক অথবা কূটনীতিক ক্ষতিগ্রস্ত অথবা আহত হয়েছে কি না সে সম্পর্কে কোনও খবর তাদের কাছে আসেনি।

বাংলাদেশে বোমা হামলার শিকার ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নভতেজ শরনা বলেন, দেশব্যাপী সুসংগঠিত বোমা বিস্ফোরণ এবং এর মাত্রা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এব্যাপারে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সার্ক সম্মেলন স্থগিত হবে কি না সে নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ভারতীয় মন্ত্রীদের পূর্ব নির্ধারিত ভ্রমন কর্মসূচিরও কোনও পরিবর্তন আনা হয় নি। তবে অনেক দেশ ইতোমধ্যেই এ ঘটনায তাদের উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপানসহ বেশ কয়েকটি দেশ এ ঘটনায় নিন্দা জানিয়েছে। এবং কোনও কোনও দেশ বলেছে প্রয়োজনে তারা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

ধারাবহিক বোমা বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তবে কূটনীতিক সূত্রগুলো বলেছে, ১২-১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সার্ক শীষৃ সম্মেলন বর্তমান ঘটনায় স্থগিত করার কোনও কারণ নেই। এখনো যতটা সময় বাকি আছে তার মধ্যে পরিস্থিতি পাল্টে যাওয়া খুবই স্বাভাবিক।

তবে সার্ক সম্মেলনের বিরুদ্ধে রয়েছে যারা, তাদের জন্য এ বোমা হামলার ঘটনাটি একটি জোর যুক্তি হিসেবে কাজ করবে। এর আগে গত সপ্তায় শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী লক্ষণ কাদির গামা নিহত হবার প্রেক্ষিতে সার্ক স্থায়ী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যাওয়ায় তাদের জন্যে যুক্তি হয়।

দেশের একজন উচ্চ পর্যায়ের অবসরপ্রাপ্ত কূটনীতিক এ পসঙ্গে বলেন, এর আগে ভারতের কারণে সার্ক সম্মেলনের নির্ধারিত তারিখ দু-দফা পিছিয়ে দেয়া হয়েছে। এছাড়া ইন্দো-বাংলা সম্পর্কের জটগুলোরও অবসান ঘটেনি। তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংযের ঢাকা সফরের পর কিছুটা বরফ গলতে শুরু করেছে। এবং ভারত সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ব্যাপারে রাজী রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কূটনীতিক বলেন, ধারাবাহিক বেমা হামলা কেবল যে বাংলাদেশের জন্যে একটি ঝাঁকুনি তাই নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য এটি উদ্বেগের বিষয়। এরফলে সার্ক সম্মেলন আরেক দফা অনিশ্চয়তার মুখে পড়েছে। সার্ক বিরোধী লবি’র এটাই কাম্য ছিলো।