২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশে শরণার্থী বিষয়ক আইন প্রণয়ন এখন সময়ের দাবি’

জাতীয় সংসদে শরণার্থী বিষয়ক আইন প্রণয়ন এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে, যদিও বাংলাদেশ এখনও পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল রিফিউজি কনভেনশন ১৯৫১’ এ স্বাক্ষর করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর) আয়োজিত ‘শরণার্থী অধিকার ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় বিশেষজ্ঞরা এই মত ব্যক্ত করেন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআর’র প্রতিনিধি ক্রিস্টোফার বেং চা লি শরণার্থীদের বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অধিকাংশ শরণার্থী সমস্যার পেছনে রাজনীতির হাত রয়েছে, কিন্তু সবকিছুর উর্ধ্বে মানবতাকেই স্থান দেয়া উচিত।

কর্মশালায় সুপ্রীম কোর্টের আইনজীবি এবং শরণার্থী বিশেষজ্ঞ ড. নাঈম আহমেদ ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কনভেশনে স্বাক্ষর করলে তা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় গুরুপূর্ণ ভূমিকা পালন করবে।

ড. নাঈম বলেন, চুক্তি স্বাক্ষরের পর শরণার্থী সমস্যা শুধু বাংলাদেশের একার সমস্যা থাকবে না, পরিণত হবে আন্তর্জাতিক বিষয়ে এবং যেহেতু তখন সারা বিশ্ব এই সমস্যার দায়ভার বহন করবে সেহেতু দেশের ওপর থেকে চাপও কমবে।

তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশ শরণার্থী বিষয়ে একটি আইন পাস করতে পারে। দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে এই আইন পাস করা উচিত বলে মত প্রকাশ করেন ড. নাঈম।

কর্মশালায় ইউএনএইচসিআর কর্মকর্তা উত্তম কুমার ‘রাইটস অব দ্য রিফিউজিস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপিত করেন।