সোয়া ৩ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের সংস্কার কাজ শুরু, ৮০০ ক্ষতিকর গাছ কাটা হচ্ছে
ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ওসমানী উদ্যানকে নগরবাসীর ব্যবহার উপযোগী করে তুলতে নতুন আঙ্গিকে সংস্কার করা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) প্রায় তিন কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ব্যবহার অনুপযোগী উদ্যানটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে উদ্যানের এক হাজার একশ’ গাছের মধ্যে প্রায় আটশ’ ক্ষতিকর গাছ কেটে ফেলা হবে। একই স্থানে প্রায় ছয়শ’ বনজ ও ফলজ দেশীয় গাছ লাগানো হবে।
বৃহস্পতিবার ওসমানী উদ্যান সংস্কার কার্যক্রমের উদ্বোধনকালে টেকনিক্যাল কমিটির সদস্য এবং বুয়েটের অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান।
ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করেন ওসমানী উদ্যান ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পরিবেশবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় অধ্যাপক সিরাজুল ইসলাম ডিসিসির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এ উদ্যানটি একটি আদর্শ উদ্যান হওয়া উচিত। যেন নাগরিকরা সেখানে এসে শ্বাস নিতে পারেন। এটিকে তাদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন।
তিনি বলেন, ঢাকা শহর বর্তমানে একটি কারাগারে পরিণত হয়েছে। নগরবাসী নিজেদের ঘর এবং স্বার্থের মধ্যে বন্দী। এখানে প্রাণভরে শ্বাস নেওয়ার মতো কোনো পরিবেশ নেই। এক সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেক উদ্যান ও খোলা মাঠ ছিল। এগুলো আজ আর নেই। সময়ের ধারাবাহিকতায় সবগুলোই প্রায় বিলীন হয়ে গেছে। তাই উদ্যান সংস্কারের মাধ্যমে নগরবাসী সেই সুবিধা কিছুটা হলেও পাবে।
তিনি উদ্যানটির ব্যবস্থাপনার সাথে নাগরিকদের সম্পৃক্ত হওয়া এবং এর উন্নয়নে আর্থিক সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্যানটি প্রকৃতপক্ষে রেলওয়ের সম্পত্তিতে প্রতিষ্ঠিত। যা বর্তমানে ডিসিসির মালিকানাধীন সম্পত্তি। এখানে কোনো ব্যক্তি মালিকানার দাবি অবৈধ। এ ধরনের অবৈধ দাবিদারদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
বুয়েটের শিক্ষক ড. নিজামউদ্দিন আহমেদ জানান, দুটি পর্যায়ে উদ্যানের সংস্কার কাজ হবে। প্রথম পর্যায়ের কাজে থাকবে উদ্যানকে দখলদারমুক্ত করা, সীমানা প্রাচীর নির্মাণ, কৃত্রিম লেক খনন, সীমানা প্রাচীরের পাশ দিয়ে হাঁটার পথ নির্মাণ এবং বৃক্ষরোপন ও ফুলের বাগান নির্মাণ। এতে ব্যয় হবে তিন কোটি ২৭ লাখ ৯ হাজার ৮৮৮ টাকা।
দ্বিতীয় পর্যায়ে বিদ্যমান লেক সংস্কার ও উন্নয়ন, অভ্যন্তরীণ হাঁটার পথ নির্মাণ, দর্শনার্থীদের বসার বেঞ্চ নির্মাণ, ছোট পরিসরে অযান্ত্রিক শিশু পার্ক নির্মাণ এবং মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের পরিচয়বাহী ১১টি ঝর্না নির্মাণ।
তিনি জানান, উদ্যানে বর্তমানে কিছু ক্ষতিকারক গাছের জন্যে মাঠে কোনো ঘাস বাঁচে না। এগুলোকে চিহ্নিত করা হয়েছে। সংস্কার কর্মসূচির শুরুতেই চিহ্নিত প্রায় আটশ’ ক্ষতিকারক গাছ কেটে ফেলা হবে। ওই স্থানে দেশীয় ফলজ ও বনজ প্রায় ছয়শ’ গাছ লাগানো হবে।
