সারাদেশে দফায় দফায় বোমা বিস্ফোরণ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার সকালে দফায় দফায় বোমা বিস্ফোরণ ঘটেছে। জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ নামে একটি মৌলবাদী সংগঠন এসব ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিরা জানান, ওই মৌলবাদী সংগঠনটি লিফলেটের মাধ্যমে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের দাবি জানায়। সকাল ১০টা থেকে বেলা ১২টা নাগাদ কমপক্ষে ৪২টি জেলা সদরে বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। এসব বোমা হামলায় ৫০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আটক করা হয়েছে কমপক্ষে ১০ জনকে।
পেতে রাখা বোমা হামলার ঘটনাগুলো ঘটে মূলত: সরকারি অফিস এবং আদালত এলাকার ভেতরে ও বাইরে। বেশিরভাগ জায়গাতেই বোমা বিষ্ফোরণের পর ব্যবহৃত ব্যাটারি উদ্ধার করা হয়। সঙ্গে পাওয়া যায় বাংলা ও আরবীতে লিখা লিফলেট।
বোমা হামলার পর সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তায় রাস্তায় চলছে তল্লাশী। জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
রাজধানী ঢাকা ছাড়াও বোমা হামলার ঘটনা ঘটেছে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদি, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালি, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জু মৌলভিবাজার, হবিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাঁকুরগাও, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুস্টিয়া, মাগুরা ও অন্যান্য জেলায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শ্রীমঙ্গলে বোমা হামলার খবর পাওয়া গেছে।
