২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে সরকার আমদানি শুল্ক হ্রাস করেছে

সরকার হঠাৎ করেই মঙ্গলবার তিন স্তর বিশিষ্ট আমদানি শুল্ক কাঠামোর দুই স্তরে শুল্ক সর্বোচ্চ শতকরা দুই ভাগ হ্রাস করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

স্থানীয় বাজারে ডলার এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে দেশে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির উর্ধ্বগতির কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা করছে, এ সিদ্ধান্তের ফলে ভোগ্যপণ্যের বাজার মূল্যে ইতিবাচক প্রভাব পড়বে, শিল্পের উৎপাদন খরচ হ্রাস পাবে। পাশাপাশি রফতানির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির কারণে রফতানি বৃদ্ধি পাবে।

জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, উল্লেখিত বিষয়গুলো বিবেচনায় এনে সরকার ৭ দশমিক ৫ এবং ১৫ শতাংশ আমদানি শুল্কহারকে যথাক্রমে ৬ এবং ১৩ শতাংশে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এ সিদ্ধান্তের ফলে চাল, ডাল, গম, তেল, পিঁয়াজ, হলুদ, আদা, মরিচসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যে এর ইতিবাচক প্রভাব পড়বে। সাধারণ ভোক্তাগণ এর সুবিধা পাবেন।

তিনি পরিকল্পনা কমিশনে উপস্থিত সাংবাদিকদের আরও বলেন, বিগত বছরগুলোতে সর্বোচ্চ শুল্কহার পর্যায়ক্রমে হ্রাস করা হলেও সর্বনিম্ন শুল্কহার হ্রাস করা হয়নি।

এতে শিল্প প্রতিষ্ঠানের মেশিনারি ও কাঁচামালের মোট কর হার বেশ কয়েক বছর ধরে অপরিবর্তিত থাকায় দেশীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিকূলতার মোকাবেলা করতে হচ্ছে।

অর্থ মন্ত্রী আরও জানান, প্রায় অধিকাংশ মধ্যবর্তী কাঁচামালের ওপর ১৫ শতাংশ শুল্কহার বিদ্যমান ছিল। শুল্কহার কমানোর ফলে দেশীয় শিল্পের উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং রফতানি বৃদ্ধি পাবে। শুল্কহার হ্রাসের এ সুবিধা কাজে লাগাতে পারলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পাবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন।

এম সাইফুর রহমান আরও জানান, শুল্কহার হ্রাসের কারণে সরকার প্রায় ৪০০ কোটি টাকার রাজস্ব কম পাবে। কিন্তু আমদানির স্বাভাবিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং স্থানীয় শিল্পের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ ক্ষতির অনেকটাই পুষিয়ে যাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।