২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনিকজনিত সকল রোগের জরুরি চিকিৎসা প্রয়োজন

আর্সেনিকজনিত সকল রোগ নিরুপণ করে জনস্বাস্থ্য রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

মঙ্গলবার মহাখালীর আইসিডিডিআরবি’র সাসাকাওয়া অডিটরিয়ামে ব্র্যাক ও আইসিডিডিআরবি আয়োজিত ‘আর্সেনিক বিস্তার ও স্বাস্থ্য সমস্যা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

সেমিনারের সঞ্চালক ছিলেন আইসিডিডিআরবি’র ড. শরিফুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহফুজুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিডিডিআরবি’র ড. আব্দুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আব্দুল মুঈদ চৌধুরী।

সেমিনারে আরও বক্তব্য রাখেন আইসিডিডিআরবি’র ড. ডেভিড স্যাক ও মার্জ কবলিনস্কিসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডা ও ইউএসএইড’র সমর্থনে আর্সেনিক দূরীকরণে আর্সেনিক অ্যান্ড হেলথ প্রজেক্ট কার্যক্রম শুরু করেছে। তারা বলেন, এই প্রকল্পের আওতায় দুই লাখ ২০ হাজার অধিবাসীকে পরীক্ষা-নীরিক্ষা ও টিউবয়েলের পানির আর্সেনিকের মাত্রা নিরুপণ করে দেখা যায় ওই অঞ্চলের ৭০ শতাংশ টিউবয়েলের পানিতে আর্সেনিক রয়েছে। বর্ষা মৌসুমে পানিতে বেশি মাত্রায় আর্সেনিক থাকে আর শুষ্ক মৌসুমে এ মাত্রা অপেক্ষাকৃত কম থাকে।

বক্তারা বলেন, মহিলা থেকে পুরুষদের মধ্যে আর্সেনিকজনিত ত্বক সমস্যায় আক্রান্ত হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে বেশি। আর যারা ইতিমধ্যে ত্বকে আর্সেনিকজনিত লক্ষণের সম্মুখীন তারা ভবিষ্যতে ক্যান্সার, ডায়াবেটিস মেলাইটাস, হৃদরোগ ও ফসফুসের ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে ।

তারা আরও বলেন, গর্ভকালীন সময়ে আর্সেনিক দূষণের কারণে অনেক ক্ষেত্রে সমস্যা সমাধানের সামর্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আর্সেনিক দূরীকরণে আরও বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করা উচিত।