মিরপুরে ভাড়াটিয়ার হাতে গৃহকর্ত্রী খুন
রাজধানীর মিরপুরে মঙ্গলবার ভোরে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে নিহত হয়েছে গৃহকর্ত্রী রাবেয়া খাতুন (৪০)।
নিহত রাবেয়া খাতুন মিরপুর ২ নম্বর সেকশনের সি ব্লকের ১১ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির বাসিন্দা নাসিরউদ্দিনের স্ত্রী।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে আভিযুক্ত হত্যাকারি আবদুল খালেককে ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরাসহ পুলিশ গ্রেপ্তার করে। পরে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারি ভাড়াটিয়া আক্তার হোসেনকে আটক করে র্যাব।
স্থানীয় লোকজন এবং পুলিশ জানায়, নিহতের প্রতিবেশী ভাড়াটিয়া আক্তার হোসেন রাবেয়া খাতুনকে হত্যার জন্যে ৩০ হাজার টাকায় খালেককে ভাড়া করে এবং অগ্রিম হিসেবে তাকে তিনহাজার টাকা প্রদান করে।
স্থানীয়দের উদ্ধৃত করে পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে খালেকের ডাকে ঘর থেকে রাবেয়া বের হয়ে আসলে খালেক তাকে ছুরিকাঘাত করে। পরে রাবেয়ার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে খালেককে রক্তমাখা ছোরাসহ আটক করে। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে গণপিটুনির শিকার হয় খালেক।
ময়নাতদন্তের জন্যে নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
