২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনডিআই নির্ভুল ভোটার তালিকার পক্ষে

ওয়াশিংটন ভিত্তিক ন্যাশনাল ডেমক্রেটিক ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র (এনডিআই) তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করেছে। এ সময়ে উভয় পক্ষ নতুন ভোটার তালিকা প্রস্তুতির ব্যাপারে আলোচনা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রায় এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে এনডিআই আবাসিক পরিচালক ড. ওয়েন লিপার্ট’র নেতৃত্বে প্রতিনিধি দল অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রথম ও প্রধান শর্ত হিসেবে নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে।

এছাড়াও তারা সম্প্রতি পরিচালিত চলতি ভোটার তালিকা ও ফলাফলের জরিপের সমন্বয়তার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজকে অবহিত করেন।

এনডিআই পরিচালিত ওই জরিপে দেখা যায়, বাংলাদেশে ভোটার তালিকার প্রতি ১২ টি নামের মধ্যে একটি নাম ত্রুটিপূর্ণ।

ইউএসএআইডি’র অর্থায়নে এনডিআই সারাদেশের ৩৪ হাজার ভোটার এবং নগর ও গ্রাম এলাকার ১৫০ টি পোলিং সেন্টার নমুনা হিসেবে ধরে এই জরিপ পরিচালনা করে।

বুধবার এক সংবাদ সম্মেলনে এনডিআই জরিপের ফলাফল সম্পর্কে গণমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।