দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইমেজ সংকট রয়েছে: শিক্ষামন্ত্রী
বর্তমানে কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ইমেজ সংকটে রয়েছে।
এ সংকট থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ড ও একাডেমিক কাউন্সিলের মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি উচ্চশিক্ষাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।
মন্ত্রী মঙ্গলবার রাজধানীতে ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’ পত্রিকা আয়োজিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিকাশের পথ সুগম করতে সরকার বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর দূরশিক্ষণ কার্যক্রমে সরকারের নীতিগত কোনও দ্বিমত নেই। তবে এর যথাযথ মান সংরক্ষণ জরুরি। মন্ত্রী বাজারমুখী শিক্ষার সাথে সুনাগরিকের গুণাবলির সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।
ড. ওসমান ফারুক বলেন, সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান সংরক্ষণে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম শমসের আলী। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. নূরুল ইসলাম, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মনিরুল হক।
