২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী মাওবাদী গেরিলাদের বিরুদ্ধে ব্যাপক ধর-পাকড় অভিযান

সার্ক সম্মেলনের আগে সারাদেশে আত্মগোপন করে থাকা কথিত মাওবাদী গেরিলাদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের নিরাপত্তা কমিটির নির্দেশের পর আইন প্রয়োগকারি সংস্থাগুলো দেশব্যাপী চরমপন্থীদের বিরুদ্ধে ব্যাপক ধর-পাকড় অভিযান শুরু করেছে।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

গত ৭৮ ঘন্টায় (মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত) রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর এবং রাজবাড়ি জেলায় পুলিশ ও র‌্যাবের পৃথক ‘ক্রসফায়ার’র ঘটনায় নয়জন মাওবাদী গেরিলা নিহত হয়েছে।

তবে র‌্যাব কর্মকর্তারা এ ঘটনাকে তাদের ‘নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান’ হিসেবে আখ্যায়িত করলেও প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, আসন্ন ১৩তম সার্ক সম্মেলন উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এ মাওবাদী বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

চলতি বছরের নভেম্বরে ঢাকায় সাত জাতি সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানালে সম্মেলন বাতিল হয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কমিটি ১৩ আগস্ট আইন প্রয়োগকারি সংস্থাদের প্রতিবেশী দেশ ভারত ও নেপালের সাথে জড়িত মাওবাদী গেরিলাদের সম্পর্ক খুঁজে বের করার নির্দেশ দেয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থার প্রধান এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় মাওবাদী গেরিলাদের উত্থানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

সভার একদিন পর যশোর ও কুষ্টিয়া জেলায় পুলিশ ও র‌্যাবের পৃথক ‘ক্রসফায়ার’র ঘটনায় রাজু, জামাল মন্ডল ওরফে জামাল এবং হাইঝুম নামে চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির তিন নেতা নিহত হয়।

রাজশাহীর মোহনপুরে ১৫ আগস্ট র‌্যাবের ক্রসফায়ারে ফিরোজ মল্লিক (৩৫) ও বাবুল খান (৩২) নামে পাবনার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) দুই নেতা নিহত হয়।

অন্যদিকে, ১৬ আগস্ট সোমবার পাবনা, কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় পুলিশ ও র‌্যাবের পৃথক তিনটি ‘ক্রসফায়ার’র ঘটনায় চার চরমপন্থী নিহত হয়।

তাদের মধ্যে পাবনায় র‌্যাবের হাতে নিহত মজিবর রহমান (২৭) ও পানু মিয়া (২১) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) দুই স্থানীয় নেতা।

অন্যদিকে পৃথক ঘটনায় কুষ্টিয়ায় গণমুক্তি ফৌজের ডেপুটি কমান্ডার সুজন (২৫) এবং রাজবাড়ীতে র‌্যাবের হাতে সজল বাহিনীর (এমএল) প্রধান সজল নিহত হয়।

বাংলাদেশে বর্তমানে পাঁচটি মাওবাদী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (মার্ক্স-লেনিনবাদী), পিবিসিপি এম-এল (লাল পতাকা), পিবিসিপি এম-এল (জনযুদ্ধ), পিবিসিপি এম-এল সর্বহারা ও বিপ্লবী কমিউনিস্ট পার্টি সক্রিয় আছে।

গোয়েন্দা সূত্র জানায়, ভারত ও নেপালের মাওবাদীদের সমন্বিত শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা বাংলাদেশ ও ভুটানে তাদের বাহিনী গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। এ অঞ্চলে মাওবাদীদের বর্তমানে ১৬ হাজার বিদ্রোহী, ৩২ হাজার মিলিশিয়া, ১৪ হাজার ক্যাডার, ৭০ হাজার সক্রিয় কর্মী এবং ছয় লাখ সমর্থক রয়েছে।