২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ কোটি টাকার লোকসান দেখানো তদন্ত কমিটির প্রতিবেদন পিএসি’র প্রত্যাখ্যান

১৯৯৮-৯৯ অর্থ বছরে ১২,০০০ মেট্ট্রিক টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করা পণ্যবাহী জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ১৩ দশমিক ৩০ কোটি টাকার লোকসান দেখিয়ে তদন্ত প্রতিবেদন পেশ করলে, পাবলিক একাউন্টস কমিটি (পিএসি) মঙ্গলবার তা অপূর্ণাঙ্গ বলে করে প্রত্যাখ্যান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদেরের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির দায়েরকৃত প্রতিবেদন অপূর্ণাঙ্গ আখ্যায়িত করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার জন্যে বলেছে।

ভারতের কান্ডালা বন্দর থেকে ছেড়ে আসা এমভি হাফিনা পণ্যবাহী জাহাজটি কি কারণে নিখোঁজ হয়েছিল এবং নিখোঁজ হওয়ার পেছনে জড়িতদের শনাক্ত করতে সংসদীয় কমিটি তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছে। জাহাজটি ১৩ দশমিক ৩০ কোটি টাকা মূল্যমানের ১২,০০০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছিল।

মঙ্গলবারের বৈঠকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্য শামসুল আলম প্রামাণিক ও অপর সদস্য দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দায়িত্ব কমিটি প্রধান মঞ্জুর কাদেরের উপর অর্পণ করেন।

বৈঠকে মঞ্জুর কাদের বলেন, আমার কাছে এ মুহূর্তে কোন কাগজপত্র নেই। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব যদি আমাকে সহায়তা করেন তাহলে আমি এর সঠিক কারণ খুঁজে বের করতে পারব।

কিন্তু মঞ্জুর কাদেরের এ ধরনের মন্তব্যে পাবলিক একাউন্টস কমিটির সভাপতি হারুন আল রশিদ খুশি হতে পারেননি। রশিদ প্রশ্ন করেন, একজন সংসদ সদস্য কেন একজন সচিবের কাছে সহায়তা চাইবেন এবং আর তাই যদি হয় একজন সংসদ সদস্য হয়ে আপনি কি ধরনের কাজ করেছেন?

বৈঠকের সময় পিএসি’র কাছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায় ৬ দশমিক ০১ কোটি টাকার ১৯৯৫-৯৮ ও ২০০০-০১ অর্থ বছরের সাতটি হিসাব সংক্রান্ত আপত্তি উত্থাপন করা হয়।

সাতটি অভিযোগের মধ্যে পিএসি বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের ৪ দশমিক ০৬ কোটি টাকার একটি হিসেবের আপত্তির ব্যাপারে আলোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত সময়ে তেল আমদানির বিল পরিশোধ না করায় এ পরিমাণ অর্থের লোকসান দেখা দেয়।

নৌ মন্ত্রণালয় ২০০০ সালে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি অর্থ লোকসানের জন্য কার্যনির্বাহী পরিচালক (অর্থ) এবং জেনারেল ম্যানেজার (অর্থ)সহ পুরো পিএসসি ব্যবস্থাপনাকে দায়ী করে। কিন্তু মন্ত্রণালয় কোন ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়নি।

কেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়নি, সে ব্যাপারে নৌ সচিবকে প্রশ্ন করা হলে তিনি মঙ্গলবারের বৈঠকে কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি।

পিএসি তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছে।