পোশাক শিল্পে রপ্তানি হ্রাস বিষয়ে দাতাসংস্থার আশঙ্কা ভুল প্রমাণিত
বিভিন্ন দাতা সংস্থা কোটামুক্ত বাজারে দেশের পোশাক শিল্পের রপ্তানি হ্রাসের আশংকা প্রকাশ করলেও প্রকৃতপক্ষে গত অর্থবছরে পোশাকশিল্পসহ মোট রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবার বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)সহ বিভিন্ন দাতাসংস্থা তাদের প্রতিবেদনে বলেছিলো, প্রতিযোগিতামূলক বাজারে পোশাক শিল্প খাতে বাংলাদেশের রপ্তানি হ্রাস পাবে। কিস্তু তাদের সে আশঙ্কা আজ ভুল প্রমাণিত হয়েছে।
তৈরি পোষাক শিল্পের শ্রমিকদের প্রতিবিধান বা কমপ্লায়েন্সের শর্তাবলী সম্বলিত পোস্টারের মোড়ক উন্মোচনকালে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আনিসুল হক, পরিচালক ফজলুল হক ও পোশাক শ্রমিক ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন ও তৌহিদুর রহমান বক্তব্য রাখেন। এসময় টিপু মুন্সীসহ পরিচালক এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মালিক-শ্রমিক সৌহার্দ্যের ওপর গুরুত্ব দিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আন্তজার্তিক পর্যায়ে বাজার বাড়াতে গার্মেন্টস কারখানার শ্রম মানের উন্নয়ন প্রয়োজন। এজন্যে সরকার কমপ্লায়েন্সকে গুরুত্ব দিয়ে সোস্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজি বিষয়ক কমিটি গঠন করেছে।
তিনি আরো বলেন, এ কমিটির আওতায় ইস্যুভিত্তিক দুটি টাস্কফোর্স এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো একটি কমপ্লায়েন্স মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। টাস্কফোর্স দেশের সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে একটি কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণ করবে।
মোড়ক উন্মোচনকৃত পোস্টার সম্পর্কে আনিসুল হক বলেন, কমপ্লায়েন্স বিষয়ে মালিকের পাশপাশি শ্রমিকদেরও সচেতন হতে হবে।
ট্রেড ইউনিয়ন নেতা ও সাবেক সাংসদ দেলওয়ার হোসেন বলেন, বিজিএমইএ’র সঙ্গে গত তিনটি চুক্তির বিষয়গুলো আজ বাস্তবায়িত হচ্ছে।
পোস্টারটিতে শ্রমিকদের সাপ্তাহিক ছুটিসহ পরিচয়পত্র প্রদান, নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ও অগ্নি নির্বাপক যন্ত্র রাখা ইত্যাদি বিষয়ে বক্তব্যের প্রতিফলন ঘটেছে।
বিজিএমইএ তার আওতাধীন কারখানাগুলোতে প্রশিক্ষণের জন্যে ইতোমধ্যে ৩৯ জন কর্মকতার সম্বন্বয়ে কমপ্লায়েন্স সেল এবং অগ্নিদুর্ঘটনা ও আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় একটি নিরাপত্তা সেল গঠিত হয়েছে।
