২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া, রাজবাড়ী ও পাবনায় পুলিশ এবং র‌্যাবের ক্রসফায়ারে ৪ জন নিহত

কুষ্টিয়া, রাজবাড়ী ও পাবনায় পুলিশ ও র‌্যাবের ক্রসফায়ারে মঙ্গলবার চার চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানায়, সদর উপজেলার নগর মহম্মদপুর গ্রামে পুলিশের ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে চরমপন্থী সংগঠন গণফৌজের সামরিক শাখার ডেপুটি কমাণ্ডার সুজন (২৫) নিহত হয়েছে।

এ সময় পুলিশের একজন সাব-ইন্সপেক্টরসহ তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, রোববার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর লাহিনীর দাসপাড়ার শাজাহানের বাড়ি থেকে একটি কাটা রাইফেল ও ২০ রাউন্ড গুলিসহ চরমপন্থী নেতা সুজনকে গ্রেফতার করে।

পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী চরমপন্থী ক্যাডারদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাকে নিয়ে অভিযান শেষে ফেরার পথে নগর মহম্মদপুর গ্রামের একটি মাঠের পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষন করে।

পুলিশও পাল্টা জবাব দেয়। উভয়পক্ষের মধ্যে প্রায় পৌনে এক ঘন্টাব্যাপী গুলি বিনিময় হয়।

এসময় সুজন পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

বিডিনিউজের রাজবাড়ী প্রতিনিধি জানায়, জেলার পাংশায় মঙ্গলবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থী নেতা সজল (৩৫) নিহত হয়েছে।

পাংশা থানা সূত্র জানায়, র‌্যাব সদস্যরা ঢাকা থেকে সজলকে গ্রেফতার করে।

সজল র‌্যাবের কাছে তার বাহিনী এবং ক্যাডারদের সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে পাংশা থানার মাচপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামে অস্ত্র উদ্ধার করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সজলের সহযোগীরা র‌্যাবের ওপর গুলিবর্ষন শুরু করে।

র‌্যাবও পাল্টা জবাব দেয়।

গুলি বিনিময়ের এক পর্যায়ে সজল ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শার্টার গান, চার রাউণ্ড গুলিসহ ১০ রাউণ্ড বন্দুকের গুলির খোসা উদ্ধার করে।

এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, সজলের বিরুদ্ধে ১০/১২টি মামলা এবং ১০টি সাধারণ ডায়েরি রয়েছে।

বিডিনিউজের পাবনা প্রতিনিধি জানায়, পাবনার ফরিদপুর উপজেলার হাদল দড়িপাড়ায় র‌্যাবের ক্রসফায়ারে ফরিদপুর উপজেলার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা মজিবর রহমান ওরফে মজিবর ও পানু মিয়া মঙ্গলবার ভোর রাতে নিহত হয়েছে।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যাসহ ৮/৯ টি মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ পাবনা ক্যাম্পের সদস্যরা রোববার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বাড়ইপাড়া ফার্ম এলাকা থেকে মজিবর রহমান এবং পানুসহ ছয়জনকে গ্রেফতার করে।

ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজশাহী র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

তারা র‌্যাবের কাছে গুরুত্বপূর্ন তথ্য দেয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব সদস্যরা রাত সড়ে নয়টায় তাদেরকে নিয়ে পাবনার ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌনে দুইটার দিকে উল্লিখিত স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ৯/১০ মিনিট ধরে গুলি বিনিময় হয়। এসময় মজিবর ও পানু মিয়া গুলিবিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি ২২ বোর রাইফেলের গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে।

তাদের সাথে আটক আরও দুজন আগের দিন র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়। নিহত পানু মিয়া আগের দিন নিহত বাবুল খাঁর ভাই।