২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড আক্রান্তদের সাহায্যার্থে এএসএফের তিনটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন

এসিড আক্রান্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ) পৃথক তিনটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 11:49 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

আগামী ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠেয় তিনটি প্রদর্শনীতে প্রায় শতাধিক প্রথিতযশা আলোকচিত্র শিল্পী ও ফটো সাংবাদিকের তোলা ছবি প্রদর্শনীগুলোতে প্রদর্শন করা হবে।

মঙ্গলবার ধানমণ্ডিস্থ সিডিএমই মিলনায়তনে এএসএফের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এএসএফের কোষাধ্যক্ষ ও প্রিভেনশন অ্যাডভাইজরি গ্রুপের চেয়ারপার্সন এসএএম শওকত হোসেন এতে জানান, প্রথম তিনদিনের প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ২৭ আগষ্ট। ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠেয় এ প্রদর্শনীর উদ্বোধন হবে ২৪ আগস্ট।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ২ থেকে ৪ সেপ্টেম্বর। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

স্পেকট্রা কনভেনশন সেন্টারে ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ও ৯ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় প্রদর্শনীটি।

তিনি বলেন, এসিড সন্ত্রাসের বিষয়ে জনসচেতনতা বিস্তারের লক্ষ্যে প্রদর্শনীতে বিবিধ আয়োজন ও তথ্য প্রচারের ব্যবস্থা থাকবে এবং প্রদর্শনী থেকে প্রাপ্ত সমূদয় অর্থ এসিড আক্রান্তদের সেবায় ব্যবহৃত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক খলিলুর রহমান, চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর, সাংবাদিক লুৎফুল হক, ঢাকা (পূর্ব) জুনিয়র চেম্বারের সভাপতি রেজাউল আমিন, এএসএফের অর্থ ও তহবিল সংগ্রহ বিভাগের প্রধান নীহারিকা মমতাজ ও সমন্বয়ক মাহবুবা কুমকুম।