কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়া সদর উপজেলার নগর মহম্মদপুর গ্রামে পুলিশের ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে চরমপন্থী সংগঠন গণফৌজের সামরিক শাখার ডেপুটি কমাণ্ডার সুজন (২৫) নিহত হয়েছে।
এ সময় পুলিশের একজন সাব-ইন্সপেক্টরসহ তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, রোববার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর লাহিনীর দাসপাড়ার শাজাহানের বাড়ি থেকে একটি কাটা রাইফেল ও ২০ রাউন্ড গুলিসহ চরমপন্থী নেতা সুজনকে গ্রেফতার করে।
পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী চরমপন্থী ক্যাডারদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে।
অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাকে নিয়ে অভিযান শেষে ফেরার পথে নগর মহম্মদপুর গ্রামের একটি মাঠের পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষন করে।
পুলিশও পাল্টা জবাব দেয়। উভয়পক্ষের মধ্যে প্রায় পৌনে এক ঘন্টাব্যাপী গুলি বিনিময় হয়।
এসময় সুজন পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
