২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালি ব্যাংকের বেসরকারিকরণ প্রক্রিয়ায় নিযুক্ত ব্রিটিশ কনসাল্টিং ফার্ম’র চুক্তির মেয়াদ বৃদ্ধি

নয় মাসের মধ্যে রাষ্ট্র নিয়ন্ত্রিত রূপালি ব্যাংকের বেসরকারিকরণ সম্পন্ন করতে সরকার ব্রিটিশ কনসাল্টিং ফার্ম জিবিআরডব্লিউ লিমিটেডের চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকের পর সোমবার অর্থপরিকল্পনা মন্ত্রী এম. মোর্শেদ খান জানান, চুক্তি অনুযায়ী ২০০৫ সালের জুন মাসে জিবিআরডব্লিউ লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা।

তিনি বলেন, বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিরুদ্ধে রূপালি ব্যাংকের কর্মচারীদের রিট আবেদনের কারণে জিবিআরডব্লিউ তাদের দায়িত্ব হারিয়েছিল। বর্ধিত সময়ের মধ্যে জিবিআরডব্লিউ তাদের কাজ শেষ করতে পারে।

মন্ত্রিপরিষদের বৈঠকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেঘনাঘাট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (দ্বিতীয় পর্যায়) নির্মাণের জন্য বিওএন কনসোর্টিয়ামের নিয়োগ অনুমোদন করা হয়। এছাড়া কাফকো’র কাছ থেকে সাড়ে তিন লাখ মে.টন ইউরিয়া ক্রয়, ডাচ প্রতিষ্ঠান টিউলিপ কম্পিউটারসকে ক্ষতিপূরণ দানের পদ্ধতি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদন লাভ করে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, জিবিআরডব্লিউ’র রিপোর্টের ভিত্তিতে সরকার রূপালি ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বর্তমানে রূপালি ব্যাংকের ৯৩ দশমিক ২৬ শতাংশ ইস্যুকৃত শেয়ার মূলধন সরকারের। প্রস্তাবিত ব্যবস্থায় সরকারের ইস্যুকৃত শেয়ার মূলধন হবে মোট মূলধনের ২৬ শতাংশ। বাকি মূলধন আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগকারীদের ছেড়ে দেওয়া হবে।

সরকার রূপালি ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে ২০০৪ সালে জিবিআরডব্লিউকে অর্থ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়।

বিশ্বব্যাংক ও আইএমএফ রাষ্ট্র নিয়ন্ত্রিত চারটি ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে চাপ দিয়ে আসছে। ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ১২ হাজার কোটি টাকা।

গত ২০০১ সালের ৩০ জুন ডাচ প্রতিষ্ঠান টিউলিপ কম্পিউটারসকে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ৩৮৮ টি কম্পিউটার সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে প্রতিষ্ঠানটি সরকারের বিরুদ্ধে ডাচ আদালতে মামলা করলে আদালত ৩১ কোটি টাকা জরিমানা করে। বৈঠকে টিউলিপ কম্পিউটারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে।