প্রধানমন্ত্রী বুধবার চীন যাচ্ছেন : ঢাকা ও বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে
পাঁচদিনের সরকারি সফরে বুধবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীন যাচ্ছেন। এ সময়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে গ্যাস ও জ্বালানি সম্পদের ব্যবহারসহ পানি সম্পদের ব্যবস্থাপনা এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, চীন বাংলাদেশকে ঋণ দিতে আগ্রহী। কিন্তু বাংলাদেশ তুলনামূলক কম সার্ভিস চার্জসহ সহজ শর্তে ঋণ নিতে চায়।
প্রধানমন্ত্রী চীন সফরকালে বিভিন্ন খাতে যে সমস্ত চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, সে সংক্রান্ত কাগজপত্র নিয়ে এখন শেষ মুহূর্তের আলোচনা চলছে।
চলতি বছরের এপ্রিলে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আসন্ন সফরে বাংলাদেশ চীনের কাছে পারমাণবিক শক্তি উৎপাদনে এবং কৃষি ও ওষুধ খাতে সহযোগিতা চাইবে। এছাড়াও বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও পানি সম্পদের ব্যবস্থাপনার জন্যও চীনের সহযোগিতা চাইবে।
চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফরে যাচ্ছেন। এটি হবে তার ফিরতি দ্বিপাক্ষিক সফর। চলতি বছরের এপ্রিলের সাত-আট তারিখে ওয়ান জিয়াবাও দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন।
আগস্টের ১৮ তারিখে খালেদা জিয়া ও ওয়েন জিয়াবাওয়ের মধ্যে গ্রেট হল অব পিপল-এ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সময়ে সকল দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
বংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর উপলক্ষে গ্রেট হল অব পিপল-এ ১৭ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হবে। চায়না পিপল’স অ্যাসোসিয়েশন ফর ফ্রেণ্ডশীপ উইথ ফরেন কান্ট্রিজ এই সংবর্ধনার আয়োজন করবে।
আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রধানমন্ত্রী চীনা রাষ্ট্রপতি হু জিনতাও এবং ন্যাশনাল পিপল’স কংগ্রেসের চেয়ারম্যানের সঙ্গে বেইজিংয়ে গ্রেট হল অব পিপল-এ সাক্ষাৎ করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী ১৯ আগস্ট চায়না কাউন্সিল ফর প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) আয়োজিত ব্যবসায়ী সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তৃতা করবেন এবং শীর্ষস্থানীয় চীনা কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বেইজিং থেকে প্রধানমন্ত্রী কয়েকটি শিল্প এলাকা পরিদর্শনের জন্য গুইলিন এবং গোয়ানজু প্রদেশে যাবেন এবং সেখানকার গভর্নরদের সাথে সাক্ষাৎ করবেন।
সফরকালে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান, সিনিয়র কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
