২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও ভোলায় শোক দিবসের অনুষ্ঠানে হামলা, ব্যাপক ভাংচুর, একজনের রগ কর্তন, নারী শিশুসহসহ আহত শতাধিক

বরিশাল ও ভোলার বিভিন্ন স্থানে শোক দিবসের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ শতাধিক আহত হয়েছে। হামলাকারিরা এ সময় এক আওয়ামী লীগ কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বরিশালের হিজলায় হামলাকারীরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। হামলার নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির সদস্য সচিব আলী কারী এবং ছাত্রদল সভাপতি দেওয়ান।

এর আগে সংহতি পাইলট বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে উপজেলার হরিনাথপুরে শোক দিবসের অপর একটি অনুষ্ঠানে বিএনপি’র হামলায় কমপক্ষে ১০ জন আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়েছে।

সূত্র জানায়, সংহতি বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ জাতীয় শোক দিবস এবং বিএনপি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন সহিংসতা এড়াতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। এর ফলে সকাল থেকে উপজেলার কাউরিয়ার মৌলভীরহাটে দু’দলই মুখোমুখি অবস্থান নেয়।

দুপুর ১টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মী আহত হয়। দুপুর ২টার দিকে বিএনপি ক্যাডাররা পিকআপ ও মোটর সাইকেলে করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

এ সময় বিএনপি জোট সমর্থক নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মী সমর্থক সুভাষ চন্দ্র কর্মকারের রগ কেটে দেয়।

স্থানীয় লোকজন জানায়, হামলাকারী এবং বিএনপির ক্যাডাররা আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়।

ঘটনায় আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জলিলুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান, আব্দুর রাজ্জাক শিকদার, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেলায়েত আলী, ইউপি সদস্য হানিফ, সাবেক চেয়ারম্যান নিজামউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম শিকদার, জব্বার ও নেয়ামত প্রমুখ রয়েছে।

এদের হিজলা থানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে।

এদিকে উপজেলার হরিণাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের শোকসভায় বিএনপি’র নেতাকর্মীরা হামলা চালায় এবং আওয়ামী লীগের দলীয় পতাকায় অগ্নিসংযোগ করে।

এ সময় বিএনপি ক্যাডারদের হামলায় প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায়, শোকসভায় কোরআন তেলাওয়াত চলাকালে হরিনাথপুর ইউনিয়ন বিএনপি একই স্থানে হিন্দি গান বাজাতে শুরু করে। এখান থেকেই হামলার সূত্রপাত ঘটে।

এদিকে জেলার মেহেন্দিগঞ্জে রোববার রাতে বিক্ষিপ্ত বোমাবাজি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি’র ক্যাডাররা হামলা এবং লুটপাট চালায়। এরপর থেকে আওয়ামী নেতাকর্মীরা গৃহবন্দি হয়ে পড়েছে।

এর জের হিসেবে সোমবার সকাল থেকে মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ এবং তার এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক দিবসের কোন কর্মসূচি পালিত হয়নি।

তবে উপজেলা চত্বরে খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগত জানিয়ে বিএনপি‘র পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়।

এদিকে বরিশালে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী অর্ধ দিবস হরতাল শিথিলভাবে পালিত হয়েছে।

বরিশাল নগরীতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ পৃথক পৃথকভাবে শোকদিবসের কর্মসূচি পালন করেছে। তবে হরতালে নগরীতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে ভোলার দৌলতখান উপজেলায় রোববার রাতে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের সময় বিএনপি সমর্থকরা মাইক ভাংচুর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর জের ধরে বিএনপি সমর্থকরা এলাকায় মহড়া দিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যায়।

এদিকে লালমোহনের গজারিয়া বাজারে শোক দিবসের অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। লালমোহন পৌরসভায়ও আওয়ামী লীগের অনুষ্ঠান পন্ড হয়ে যায়।