২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

সারা দেশে সোমবার জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল খুনিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 09:10 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জাতীয় শোক দিবসের নানা কর্মসূচিতে সরকার দলীয় ক্যাডারদের হামলা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

বঙ্গবন্ধু হত্যার এত বছর পেরিয়ে গেলেও এখনও তার খুনিদের শাস্তি হয়নি। বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল, কোরানখানি, কাঙ্গালি ভোজ ও দুস্থ শিশুদের জন্য খাবার ও কাপড় বিতরণের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন দেশের বিভিন্নস্থানে এ ধরনের নানা কর্মসূচি হাতে নিয়েছে। তবে বিভিন্ন স্থানে এ কর্মসূচিকে বাঁধাগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে।

জাতীয় শোক দিবসের আগের দিন দেশের বিভিন্ন স্থানে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যাপক ধরপাকড় চালিয়েছে। অবশ্য পুলিশ এই ধরপাকড়ের কথা অস্বীকার করেছে।

রাজধানীর লালবাগ, হাজারীবাগ ও কেরাণীগঞ্জের আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি এবং দেশব্যাপী অর্ধদিবস হরতাল বানচাল করার জন্য পুলিশ ব্যাপকভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করছে। ছাত্রলীগ নেতা মহিউদ্দিন এর বাড়িতেও পুলিশ অভিযান চালায় বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। তাছাড়া নগরীতে বঙ্গবন্ধুর ছবিসম্বলিত পোস্টার বিএনপি ক্যাডাররা ছিঁড়ে ফেলেছে বলেও তারা অভিযোগ করেন।

বিডিনিউজ কেরাণীগঞ্জ প্রতিনিধি জানান, কেরাণীগঞ্জে জাতীয় শোক দিবস পালন না করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, বিএনপির কিছু নেতা এবং বিএনপি সমর্থিত কেরাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান সোমবার জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন না করার স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের হুমকি দেয়।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, সাকতা ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান দিনটি পালন এবং কোনও তোরণ নির্মাণ না করার জন্য আওয়ামী লীগ নেতাদের হুমকি দেয়।

সেলিম আহমেদ নামে আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা অভিযোগ করেন, বিএনপি’র ওই নেতা ১৫ আগস্ট উপলক্ষে কোনরকম কর্মসূচি পালন যেন না করা হয়, এই মর্মে হুমকি দেন।

রহিতপুর এবং তারানগর ইউপি চেয়ারম্যানরাও অনুরূপ হুমকি দিয়েছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন।

এছাড়া কলাতলী ইউনিয়ন যুব দল নেতা চান মিয়া ১৫ আগস্ট হরতাল বা কোন কর্মসূচি যেন পালিত না হয়, সেজন্য সতর্ক করতে পুলিশ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বাড়ি বাড়ি যায়।

হুমকি সত্ত্বেও আওয়ামী লীগ দিনটি পালন উপলক্ষে কেরাণীগঞ্জে মোট ১২৬ টি তোরণ নির্মান করেছে এবং কোরানখানি ও কাঙ্গালিভোজসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, রোববার হিজলায় আওয়ামী লীগ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে হামলা চালায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা। এই ঘটনায় জুলহাস, রহমান ও রাজ্জাক নামে তিন আওয়ামী লীগ কর্মী মারাত্মক আহত হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই কর্মসূচির আযোজন করে আওয়ামী লীগ। বিএনপি ক্যাডাররা উপজেলায় কোন প্রকার মিছিল না করার জন্যও হুমকি দেয়। এলাকায় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।