মেহেন্দীগঞ্জে বোমা বিস্ফোরণে ৪ বিএনপি, ২ আ. লীগ কর্মী আহত
জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় রোববার রাতে এলোপাথাড়ি বোমা নিক্ষেপের ঘটনায় চার বিএনপি ও দুই আওয়ামী কর্মী আহত হয়েছে।
বোমাবাজির জন্য স্থানীয় বিএনপি ও আওয়মী লীগ পরস্পর পরস্পরকে দায়ী করছে।
মেহেন্দীগঞ্জ থানা পুলিশ বলছে, বোমা হামলার সময় সেখানে বিদ্যুৎ না থাকায় কারা বোমা হামলা চালিয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেনি। তবে এ ঘটনার জন্য পুলিশ স্থানীয় ছাত্রলীগ নেতা ইউনুস চৌধুরীসহ তিনজনকে আটক করেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান বলেন, রাত সোয়া ৮টার দিকে পাতারহাট এলাকায় তার ময়দার মিলে দলীয় সভা চলাকালে পাশ দিয়ে যাওয়া বিএনপির একটি মিছিল থেকে তাদের ওপর বোমা নিক্ষেপ করা হয়। এসময় বিএনপি কর্মীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায় এবং আওয়ামী লীগ কর্মীদের মারধর করে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম লাবু বলেন, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা পৌর এলাকা জুড়ে মিছিল করছিলেন। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা আওয়ামী লীগ কর্মীরা তাদের মিছিলে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এতে তাদের চার কর্মী আহত হয় বলে তিনি দাবি করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
