মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত আসামি আদালতে জুতো ছুঁড়ে মেরেছে
মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ রোববার বিকেলে ডাকাতির মামলায় পাঁচজনকে শাস্তি প্রদান করার পর বিক্ষুব্ধ এক আসামি বিচারককে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৫ জুন শ্রীমঙ্গল উপজেলার পটিয়াছড়া চা বাগানের ম্যানেজারের স্ত্রী শ্রীমঙ্গল থেকে বাসায় ফেরার পথে গাড়ি আটকিয়ে সংঘবদ্ধ ডাকাতদল তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন শ্রীমঙ্গল থানায় রসময় দাস, মুহিত মিয়া, মো. লিটন, আছকির মিয়া ও আব্দুল কুদ্দুসকে আসামি করে মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি ও যুক্তিতর্কের পর তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ রোববার বিকেল তিনটায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেন।
রায় শোনার সঙ্গে সঙ্গে আসামি মো. লিটন (৩০) ক্ষিপ্ত হয়ে বিচারককে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারে।
লিটন হবিগঞ্জের চৌধুরীবাজারের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল মালিক।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জজকোর্টে দায়িত্বরত দুই পুলিশকে ক্লোজ করা হয়েছে।
