ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিচারাধীন বন্দির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিচারাধীন এক বন্দি রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
শংকর সেন নামে এই কারাবন্দি চট্টগ্রামের রাউজান থানার জনৈক রুহিণী সেনের পুত্র।
পুলিশী নির্যাতনের কারণে তার মৃত্যু ঘটে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কারাগার কর্তৃপক্ষ শংকরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার কর্তৃপক্ষ জানায়, চুরির মামলায় গ্রেপ্তারকৃত শংকরকে গত ১১ আগস্ট আশংকাজনক অবস্থায় কারাগারে আনা হয়েছিলো। ওষুধ ব্যবসায়ী শংকরকে গত ৮ আগস্ট মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে শংকরের বোন নীলা সেন ও কাকাতো ভাই প্রতীক সেন তাদের ভাইকে হত্যার জন্য রমনা থানা পুলিশকে দায়ী করেছেন।
নীলা সেন বলেন, ‘রমনা থানার এসআই কামাল আমার ভাইয়ের করুণ মৃত্যুর জন্য দায়ী। সে কোনো মামলা ছাড়াই আমার ভাইকে গ্রেপ্তার ও থানায় নিয়ে নির্যাতন করে’।
তিনি এসআই কামালের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
