সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহম্মেদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
সাংবাদিক, শিক্ষক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহম্মেদ (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ইন্তেকাল করেছেন।
রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাব চত্ত্বরে এবং জোহর বাদ মোরেলগঞ্জের বহরবুনিয়ায় গ্রামের বাড়িতে দুই দফা জানাযা শেষে পারিবারিক গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। বাগেরহাট প্রেসক্লাব তার মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।
শাহাব উদ্দিন ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাগেরহাট বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।
বাগেরহাট প্রেস ক্লাব, জেলা বিএনপি, আওয়ামী লীগ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ, জেলা ক্রীড়া সংস্থা, বাসাবাটি রহমানিয়া স্কুল, সাংস্কৃতিক সংগঠন শুকলাল সঙ্গীত বিদ্যাপিঠ, সুলতান একাডেমি, সাহিত্য পরিষদ, বাগেরহাট থিয়েটার, বাগেরহাট ফিল্ম সোসাইটি, মিউজিক একাডেমি, অঙ্কুর, শিশু অঙ্গন, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
মরহুম শাহাব উদ্দিন আহম্মেদ শিক্ষকতার পাশাপাশি সত্তর ও আশির দশকে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন স্থানীয় পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি ‘বাগেরহাট সাহিত্য পরিষদের’ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। প্রচণ্ড দারিদ্রের মধ্যে থেকেও আজীবন সৎ, নির্লোভ ও প্রতিবাদী এই মানুষটি বেশ কয়েকটি পাণ্ডুলিপি রচনা করে গেছেন যা অর্থাভাবে প্রকাশ করতে পারেননি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
