বারডেম হাসপাতালকে চারটি দ্বিতল বাস দিয়েছে বিআরটিসি
বিআরটিসি রোববার বারডেম হাসপাতালকে চারটি দ্বিতল বাস প্রদান করেছে। প্রতীকী ভাড়ায় বিআরটিসির এ চারটি বাস বারডেমের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বহন করবে।
এ উপলক্ষ্যে রোববার বারডেম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা সুবিধা প্রদানে বারডেম হাসপাতালের রোগীদের সেবার মান উন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী বলেন, কেবল মুনাফার জন্য নয় বরং রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা হিসেবে জনগণের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য যাত্রিসেবার মান উন্নত করাই বিআরটিসি সার্ভিসের মুখ্য উদ্দেশ্য। তিনি বলেন, হরতাল ও বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে নৈরাজ্যের শিকার হয়েও বিআরটিসি জনগণের নিকট সার্ভিস নিশ্চিত করে চলেছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. ওয়াহীদ উদ্দিন আহমেদ বলেন, সরকারের কাছ থেকে স্থায়ী লিজ হিসেবে চারটি দ্বিতল বিআরটিসি বাস লাভ করায় বারডেমের কর্মকর্তাণ্ডকর্মচারীরা নিয়মানুবর্তিতার সাথে হাসপাতালে যাতায়াত করার সুযোগ পাবে এবং এর ফলে বারডেম হাসপাতালে রোগীদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে।
অধ্যাপক ডা. ওয়াহীদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাস হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল ডা. এআর খান (অব.), সমিতির মহাসচিব অধ্যাপক ডা. একে আজাদ খান ও বিআরটিসি চেয়ারম্যান এডভোকেট তৈমুর আলম খন্দকার বক্তব্য রাখেন।
