২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ব্যবসায়ী পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা শনিবার মধ্যরাতে স্থানীয় ব্যবসায়ী কাজী নুর আহাম্মদ (৫৫) ও তার ছেলে কাজী জামাল উদ্দিন (১৮) কে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ আকবর নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে পিতা-পুত্র মহিপাল থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জনৈক শাহজাহান মিয়ার বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। পরে টহল পুলিশ গুরুতর আহত ছেলে জামালউদ্দিনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে রাতে সে মারা যায়।

মাথিয়ারার মৃত কাজী আলী নেওয়াজের ছেলে কাজী নুর আহাম্মদ মহিপাল ব্যবসায়ী সমিতির সদস্য, কাজী কনফেকশানারী, কাজী ডেকোরেটর ও হাবিব চকের একটি স্টেশনারী দোকানের মালিক।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ঘটনার পর পুলিশ নুর মোহাম্মদের লাশ ঘটনাস্থল থেকে ৩০০ গজ দুরে এক বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তারা লাশ সনাক্ত করে। নুর মোহাম্মদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি আঘাত করা হয়। এছাড়া ছেলে জামালের মাথা, হাত ও পায়েও ছিল ধারালো অস্ত্রের আঘাত। এলাকাবাসী এই হত্যাকান্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করেছে। তারা জানায় সন্ত্রাসীরা পিতা-পুত্রকে কুপিয়ে জখম করার পর তাদের দেহ রাস্তার মাঝে আড়াআড়িভাবে রাখে যাতে হত্যাকাণ্ডকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া যায়।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত ব্যবসায়ী নুর মোহাম্মদের সাথে কারো কোন দ্বন্দ্ব ছিল না। মহীপালের ব্যবসায়ীরাও বলেছেন, শান্ত স্বভাবের মানুষ নুর মোহাম্মদের সাথে কারো কোন বিরোধ ছিল না। ছেলে জামালও ছিল নিরীহ প্রকৃতির।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, কিছুদিন আগে কয়েকজন যুবক নুর মোহাম্মদের দোকান থেকে মোবাইলে ফোন করে টাকা দিতে না চাইলে নুর মোহাম্মদরে সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেয়ার হুমকি দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক আত্মীয় বলেছেন অন্য কথা। তার ভাষ্যে, কিছুদিন আগে এক লোক নুর মোহাম্মদের দোকানে মোবাইল ফেলে গেছে বলে মোবাইল ফেরত চায়। নুর মোহাম্মদ মোবাইল সেট পান নি বলে জানালে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি তাকে গালিগালাজ করে এবং শাসিয়ে যায়। হত্যাকান্ডের সাথে এদের যোগসূত্র থাকতে পারে বলে অনেকেই ধারনা করছে।

এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মহীপাল ব্যবসায়ী সমিতি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি পালন করে।